সোমালিয়া ওয়েব নিউজ: ষড়ঋতুর বাংলায় শীতের জরাজীর্ণতাকে সরিয়ে অপরূপ রূপে প্রকৃতিতে এসেছে ঋতুরাজ বসন্ত তেমনটাই মনে হবে সকলের। শীতের পাতাঝরা মর্মর ধ্বনিকে ছাপিয়ে গাছের ডালে ডালে ফুটেছে রঙিন ফুল আর কচি পাতার সৌরভ। ভালোবাসার দিন আসতেও সপ্তাহ দুয়েক। কিন্তু তার আগেই কুঁড়ি ফাটিয়ে পলাশে রাঙা পুরুলিয়ায়। বনমহলের এই জেলার একাংশে ফেব্রুয়ারির গোড়াতেই একেবারে পলাশময়। তবে বৃহস্পতিবারের বৃষ্টিতে পলাশ খানিকটা ঝরে পড়ে। তবুও ‘পিন্দারে পলাশের বন…।’ ভরা শীতেই যেন পুরুলিয়ায় ভালোবাসার আগুন ঝরাচ্ছে লাল পলাশ। বলছেন বনাধিকারিক থেকে উদ্ভিদ বিশেষজ্ঞরা। গত তিন-চার বছর ধরেই এই ছবি দেখা যাচ্ছে পুরুলিয়ায়। জলবায়ু পরিবর্তন বলতে একদিকে যেমন উষ্ণতা, শুষ্কতা। তেমনই অনিয়মিত বৃষ্টিপাত, মাটিতে জলের পরিমাণ কমে যাওয়া। তাই ক্যালেন্ডারে বসন্ত না এলেও লাল পলাশে পুরুলিয়ার প্রকৃতিতে বসন্ত যেন চলে এসেছে মাঘেই। তাই উচ্ছ্বসিত এই জেলার প্রকৃতিপ্রেমীরা। পুরুলিয়ায় পলাশ দেখতে, বিশেষ করে অযোধ্যা পাহাড়ে ব্যাপক ভিড় জমে পর্যটকদের। গত দু’-তিন বছরে সেই সংখ্যাটা ব্যাপক হারে বেড়ে গিয়েছে। দোল পূর্ণিমার সময় যে এই জেলায় সবচেয়ে বেশি পলাশ থাকে, তা কিন্তু নয়। দোল পূর্ণিমা কিছুটা পরে হলে পলাশের ভরপুর সময়ে শুধুমাত্র এই লাল পলাশ দেখতেই আগেভাগে ভিড় জমান পর্যটকরা। তাই পর্যটকরা আগে থেকেই খোঁজখবর শুরু করতে থাকেন। ঝাড়খণ্ড ছুঁয়ে থাকা ঝালদা দুই ব্লকের বিভিন্ন জায়গাতেও রাঙা পলাশে জঙ্গল যেন আরও চোখ টানছে। পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যার বিভাগের প্রধান সুব্রত রাহা বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণেই এমন অবস্থা। পুরুলিয়ার বেশ কিছু গাছে লাল পলাশ দেখা যাচ্ছে। যে অঞ্চলগুলো শুষ্ক, যেখানে মাটিতে জলের পরিমাণ কম, সেখানেই আগেভাগে পলাশের দেখা মিলছে।”বিশেষ করে জেলার যে অংশ শুষ্ক সেখানেই কার্যত আগুন ঝরাচ্ছে লাল পলাশ। ২০২২ সালে ডিসেম্বরের শেষের দিকে পলাশের কুঁড়ি দেখা গেলেও ফুল ফুটতে এবারের চেয়ে দেরি হয়। এবার যেভাবে জানুয়ারি শেষ না হতেই পুরুলিয়ার একাংশ লাল পলাশে ছেয়ে গিয়েছে। তাতে ক্যামেরাবন্দি করতে ফটোগ্রাফাররাও ভিড় জমাচ্ছেন। বাতাসে এখন স্বল্প পরিমাণে বসন্তের আমেজ দেখা দিয়েছে। পাতাঝরা ডালে এখন আগুন-রাঙা ফুলের বিচ্ছুরণ।
![]()

More Stories
কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযান, দুর্গাপুর ও বুদবুদে হানা
দিল্লিতে রাজ্য পুলিশের বাড়তি টিম, ২২ জনের দল রাতের বিমানে রওনা
লোকভবনে রাজ্যপালের কাছে SIR সংক্রান্ত দাবিপত্র বিজেপি বিধায়কদের