রামনবমীতে ছুটি ঘোষণা! শনিবার সন্ধ্যায় এই মর্মে বিজ্ঞপ্তি জারি নবান্নের

সোমালিয়া ওয়েব নিউজ : এই প্রথম রামনবমীতে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। লোকসভা নির্বাচনের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ শনিবার সন্ধ্যায় এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। আগামী 17 এপ্রিল রামনবমী। ওই দিন জরুরি পরিষেবা বাদ দিয়ে রাজ্য সরকারি এবং সরকার পোষিত সমস্ত প্রতিষ্ঠানে ছুটি থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের তরফে ৷ রাজ্য সরকারি এবং সরকার পোষিত সমস্ত প্রতিষ্ঠানে ছুটি থাকবে। বস্তুত, গত কয়েক বছর ধরেই রামনবমীকে কেন্দ্রে করে রাজ্যের বিভিন্ন এলাকায় উত্তজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে। গত বছরও রিষড়া এবং হাওড়ায় হিংসার ঘটনা ঘটেছিল। তার জেরে আদালতের নির্দেশে হনুমান জয়ন্তীতে বেশ কিছু স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। লোকসভা ভোটের আগে রাজ্য সরকারের এই ঘোষণা ‘তাত্‍পর্যপূর্ণ’ বলেই মনে করছেন অনেকে। এই ঘোষণাকে কটাক্ষ করে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ”ভোটের আগে কেন এই ঘোষণা নবান্ন করল, তা সবাই বুঝতে পারছে। মানুষ অত বোকা নয়।” যদিও তৃণমূলের বক্তব্য, বিজেপি বিভেদকামী বলেই এ সব মন্তব্য করছে। বাংলায় মতুয়া মহাসঙ্ঘের হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের জন্মদিন-সহ বিভিন্ন অনুষ্ঠানে রাজ্য সরকার ছুটি দেয়। আদিবাসীদের করাম পুজোতেও এখন ছুটি থাকে। এ বার তাতে যোগ হল রামনবমী। এর সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই। সব ধর্মকে সমান চোখে দেখেন এই বার্তা দিতেই লোকসভা নির্বাচনের আগে 17 এপ্রিল সার্বিক ছুটি ঘোষণা করছে রাজ্য সরকার বলে মত রাজনৈতিক মহলের।

Loading