রোহিঙ্গা অনুপ্রবেশ হলে তার দায় বিএসএফের, রাজ্যকে দায়িত্ব দিলে মাছিও গলবে না: মন্ত্রী সিদ্দিকুল্লা

সোমালিয়া সংবাদ, আরামবাগ: পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটানো হচ্ছে, শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। শনিবার তিনি আরামবাগের কালিপুরে এস জে এম মাল্টি স্পেশালিটি হাসপাতালের মেডিকেল শপের উদ্বোধন ও সমাজসেবক মূলক অনুষ্ঠানে বর্তমান পরিস্থিতির উপর কিছু বার্তা দিতে এসে এই মন্তব্য করেন। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন পীরজাদা মাঞ্জারুল ইসলাম, সমাজসেবী অচিন্ত্য কুন্ডু সহ বহু বিশিষ্ট মানুষজন। এরপর তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে একহাত নেন। তিনি বলেন, লেখাপড়া শিখেও যে মূর্খ হওয়া যায় তার একটা উদাহরণ হলেন শুভেন্দু। আর তাদের দলের সভাপতিও তাই। ওরা সব মূর্খের দল। রোহিঙ্গাদের অনুপ্রবেশ নিয়ে শুভেন্দু অধিকারীর দাবি প্রসঙ্গে মন্ত্রী প্রশ্ন তোলেন, বর্ডার সিকিউরিটি ফোর্স কি মমতা ব্যানার্জির? রোহিঙ্গারা প্রবেশ করবে তো বর্ডার পাস করে। সেখানে তো কেন্দ্রীয় সরকারের বর্ডার সিকিউরিটি ফোর্স আছে। তারা ২৪ ঘন্টা পাহারা দিচ্ছে। তারপরে হাফ কিলোমিটার ছাড়া ছাড়া ওয়াচ টাওয়ার রয়েছে। জায়গায় জায়গায় সশস্ত্র বাহিনী আছে। তারা ঘাস কাটছেন? তাদের নজর এড়িয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ সম্ভব নয়। আর যদি তারপরেও প্রবেশ করে থাকে তার জন্য দায়ী বর্ডার সিকিউরিটি ফোর্স, তার মানে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ চুরি করলে বর্ডার সিকিউরিটি ফোর্স করেছে, ঘুষ খেলে তারা খেয়েছে। দায়িত্ব সেন্ট্রাল ফোর্সের। তাহলে তাদেরকে চাকরি থেকে তাড়িয়ে দিক, তারা ছাগল চরাক। পাশাপাশি মন্ত্রী এদিন বলেন, কেন্দ্র না পারলে রাজ্যকে ছেড়ে দিন। মমতাদিকে দায়িত্ব দিন। দেখি একটাও মাছি ঢুকতে পারে কিনা। ওরাই ঢোকাচ্ছে, ওরাই আবার দোষ দিচ্ছে। ওরাই মিথ্যা কথা বলছে।
এদিন মন্ত্রী রাজ্যের গ্রন্থাগারগুলির উন্নয়নের ব্যাপারে কি কি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, সেসব বিষয়ও তুলে ধরেন। তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে এই দপ্তরে শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া চলছে। মন্ত্রী সিদ্দিকুল্লা এদিন বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্য পরিষেবা নিয়ে বেশ কিছু মূল্যবান মতামত পেশ করেন।

Loading