সোমালিয়া ওয়েব নিউজঃ ৫ দিনের ব্যাংকিং পরিষেবা চালু-সহ একাধিক দাবিতে আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর, সোমবার থেকে বুধবার পর্যন্ত দেশজুড়ে তিন দিনের ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংক কর্মচারীদের সাতটি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস বা UFBU। সংগঠনগুলির মধ্যে রয়েছে AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBOC এবং INBEF। গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে UFBU-এর এরাজ্যের আহ্বায়ক সুদীপ দত্ত জানান, একই দাবিতে গত ১১ সেপ্টেম্বরও ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হলেও এখনও পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। সরকারের তরফে বারবার টালবাহানা করা হলেও চুক্তি কার্যকর করার বিষয়ে কোনও নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি বলেও অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, এই পরিস্থিতিতে বাধ্য হয়েই তিন দিনের ধর্মঘটের সিদ্ধান্ত নিতে হয়েছে। সুদীপ দত্ত আরও জানান, ২৮ থেকে ৩০ সেপ্টেম্বরের ধর্মঘটের পরেও সরকারের তরফে ইতিবাচক সাড়া না মিললে আগামী ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ব্যাংক ধর্মঘটের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে UFBU। গ্রাহকদের সমস্যায় ফেলা তাদের উদ্দেশ্য নয় বলেও স্পষ্ট করেন তিনি। বরং ধর্মঘটের দিনগুলিতে নিজেদের বেতন কাটা যাবে জেনেও দাবি আদায়ের জন্য কর্মীরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন বলে জানান তিনি। তবে টানা তিন দিনের ধর্মঘটের আগে রবিবার, ২৭ সেপ্টেম্বর, দেশের সমস্ত ব্যাংকের শাখায় স্বাভাবিক কাজকর্ম চলবে এবং গ্রাহকরা ব্যাংকিং পরিষেবা পাবেন বলে জানিয়েছেন UFBU-এর রাজ্য আহ্বায়ক। এদিকে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর টানা তিন দিনের ব্যাংক ধর্মঘটের জেরে যাতে গ্রাহকদের দৈনন্দিন লেনদেনে বড় ধরনের সমস্যা না হয়, সে জন্য আগাম বিকল্প ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট ব্যাংকগুলি। বিশেষ করে নগদ লেনদেন ও অন্যান্য জরুরি ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে গ্রাহকদের আগেভাগেই প্রয়োজনীয় ব্যবস্থা করে রাখার জন্য জানানো হচ্ছে।

![]()

More Stories
মনমোহন সিংয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে অপরিশোধিত তেলে আমদানি শুল্ক কমাল সরকার
একাত্ম মানববাদের দর্শন, রাষ্ট্রচিন্তায় দীনদয়াল উপাধ্যায়ের অবদান