September 26, 2026

রাজস্ব আদায়ে পক্ষপাতমূলক আচরণ বদলের বার্তা, উন্নয়নে আধিকারিকদের সক্রিয় ভূমিকার আহ্বান

সোমালিয়া ওয়েব নিউজঃ পশ্চিমবঙ্গে রাজস্ব আদায়ের ক্ষেত্রে অতীতে যে পক্ষপাতমূলক আচরণ হয়েছে, তা পরিবর্তন করে আরও স্বচ্ছ ও কার্যকর রাজস্ব সংগ্রহ ব্যবস্থার দিকে এগোনোর প্রয়োজনীয়তার কথা বললেন রাজ্যের অর্থমন্ত্রী ড. স্বপন দাশগুপ্ত। তাঁর দাবি, রাজস্ব আদায়ের ক্ষেত্রে এই ধরনের আচরণের প্রভাবেই রাজ্যের রাজস্ব সংগ্রহের পরিমাণ কমেছে। শনিবার কলকাতার টাউন হলে ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘ফাইন্যান্সিং ডেভেলপমেন্ট টুওয়ার্ডস অ্যা রিসারজেন্ট ওয়েস্ট বেঙ্গল’ শীর্ষক আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে রাজস্ব দফতরের আধিকারিকদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার আহ্বান জানান। অর্থমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের উত্থান ও উন্নয়নের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসের আধিকারিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে রাজ্যের উচ্চশিক্ষা ও কারিগরি মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, বর্তমান রাজ্য সরকার একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি। ভোটব্যাঙ্কের রাজনীতির পরিবর্তে রাজ্যের সামগ্রিক উন্নয়নের দিকে মনোনিবেশ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। অন্যদিকে রাজ্য সরকারের মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত বলেন, রাজ্য সরকারের হাতে থাকা বহু পরিকাঠামো এখনও সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। এই পরিকাঠামোগুলির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে রাজ্য সরকার উপযুক্ত নীতি গ্রহণ করবে বলেও জানান তিনি। অনুষ্ঠান শেষে মন্ত্রীদের সঙ্গে মতবিনিময় পর্বে রাজ্য GST আধিকারিকরা রাজস্ব নির্ধারণ ও আদায়ের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আরও কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। রাজ্যের উন্নয়ন, রাজস্ব বৃদ্ধি এবং প্রশাসনিক ব্যবস্থাকে আরও কার্যকর করার ক্ষেত্রে সমন্বিত উদ্যোগের উপরেই আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

Loading