সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যের বহুচর্চিত চিটফান্ড দুর্নীতিতে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। কলকাতা হাইকোর্টের গঠিত দুই তদন্তকারী ও অর্থ প্রত্যাবর্তন কমিটিই এবার আদালতের প্রশ্নের মুখে পড়েছে।
বিচারপতি সত্যেন্দ্র তালুকদারের নেতৃত্বাধীন কমিটি গত ১০ বছরে কতগুলি চিটফান্ড সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, কত সম্পত্তি বিক্রি হয়েছে, এবং কোন সংস্থার কত আমানতকারীকে কত টাকা ফেরত দেওয়া হয়েছে—এই বিষয়ে বিস্তারিত তথ্য আদালতে জমা দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ।
ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, পরবর্তী শুনানিতে (১৫ই জুলাই) সমস্ত তথ্য-সহ পূর্ণাঙ্গ রিপোর্ট আদালতে পেশ করতে হবে। আদালতের মতে, “কমিটির কাজের স্বচ্ছতা ও গতি নিয়েই প্রশ্ন উঠছে।”
এছাড়াও, রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারির মামলায় আমানতকারীদের টাকা ফেরতের জন্য গঠিত বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বাধীন কমিটির কার্যকলাপেও অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, হাইকোর্টের অনুমতি ছাড়া এই কমিটি কোনও সিদ্ধান্ত নিতে পারবে না।
এই মামলার পরবর্তী শুনানি হবে ১৫ই জুলাই, যেখানে উভয় কমিটিকে নির্ধারিত প্রশ্নের ভিত্তিতে রিপোর্ট জমা দিতে হবে। এই মামলার প্রেক্ষিতে ফের আলোচনায় উঠে এল রাজ্যে চিটফান্ড দুর্নীতির শিকার লক্ষ লক্ষ সাধারণ আমানতকারীর ক্ষোভ, যাঁরা বছরের পর বছর ধরে টাকা ফেরতের অপেক্ষায় রয়েছেন।

![]()

More Stories
জমি জট ও অসহযোগিতায় বাতিল হয়েছিল একাধিক রেল প্রকল্প, ফের বাস্তবায়নের সিদ্ধান্ত: রাজ্যসভায় অশ্বিনী বৈষ্ণব
আরামবাগ প্রশাসনিক জেলা গঠন নিয়ে হুগলিতে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক, প্রশাসনিক রূপরেখা নিয়ে জোর আলোচনা
তাঁত শিল্পীদের জন্য স্বাস্থ্যমেলা ও স্বাস্থ্যবিমা সুবিধা, জাতীয় হ্যান্ডলুম দিবসে বড় ঘোষণা