রাঢ়বঙ্গ উন্নয়নে তিন দফা দাবি পেশ সংসদ সদস্যের
সোমালিয়া ওয়েব নিউজঃ গত বুধবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ। এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা ও অঞ্চলভিত্তিক উন্নয়ন-সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তিনি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
সাংসদ জানান, রাঢ়বঙ্গের শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষক–সুরক্ষা নিয়ে একাধিক জরুরি প্রস্তাব তিনি প্রধানমন্ত্রীর সামনে পেশ করেছেন।
বিষ্ণুপুরে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের দাবি
বৈঠকে সাংসদ বিষ্ণুপুরে একটি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের আবেদন জানান। এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের প্রায় ৩৯.১৫ একর জমি ইতিমধ্যেই উপলব্ধ আছে বলেও তিনি উল্লেখ করেন। কেন্দ্রীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে এলাকার প্রতিরক্ষা ও কেন্দ্রীয় কর্মীদের সন্তানসহ সাধারণ মানুষ আধুনিক শিক্ষা সুবিধা পাবেন বলে তাঁর আশা।
বেলিয়াতোর–দুর্গাপুর রেললাইন উন্নয়নে জোর
প্রায় ২৮ কিলোমিটার দীর্ঘ বেলিয়াতোর–দুর্গাপুর রেললাইনকে রাঢ়বঙ্গের আর্থিক উন্নয়নের অন্যতম ‘লাইফলাইন’ হিসেবে উল্লেখ করেন সাংসদ। এটির সার্ভে ইতিমধ্যেই অনুমোদিত হলেও বাজেট বরাদ্দ এখনও বাকি—এ কথা জানিয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে দ্রুত বিবেচনার আবেদন করেন। রেললাইনটি চালু হলে প্রায় ৩০ লক্ষ মানুষ উপকৃত হবেন বলে তাঁর দাবি।
২০১১ সালের পূর্বে নিযুক্ত শিক্ষকদের সুরক্ষার আবেদন
২০২৫ সালের ১ অক্টোবর থেকে TET বাধ্যতামূলক হওয়ায় ২০১১ সালের পূর্বে নিয়োগপ্রাপ্ত বহু শিক্ষকের চাকরি অনিশ্চিত হয়ে পড়েছে—এই বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন সাংসদ। ওই শিক্ষকদের যোগ্যতা ও দীর্ঘ অভিজ্ঞতা বিবেচনা করে চাকরি সুরক্ষার জন্য বিশেষ আইনি পদক্ষেপ নেওয়ার অনুরোধ তিনি জানান।
বৈঠক শেষে সাংসদ বলেন, রাঢ়বঙ্গের শিক্ষা, রেল যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়নে তিনি ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাবেন।

![]()

More Stories
কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযান, দুর্গাপুর ও বুদবুদে হানা
দিল্লিতে রাজ্য পুলিশের বাড়তি টিম, ২২ জনের দল রাতের বিমানে রওনা
লোকভবনে রাজ্যপালের কাছে SIR সংক্রান্ত দাবিপত্র বিজেপি বিধায়কদের