February 4, 2026

প্রতিবেদন: যুবভারতীতে মেসির সফরকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা; উদ্যোক্তা আটক, তদন্ত কমিটি গঠন

সোমালিয়া ওয়েব নিউজঃ বিশ্ব ফুটবলের মহা তারকা লিওনেল মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে আজ যুব ভারতী ক্রীড়াঙ্গণে চরম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। টিকিট কেটে মাঠে আসা সাধারণ দর্শকরা তারকা ফুটবলারকে ভালোভাবে দেখতে না পাওয়ায় তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান।

যুব ভারতী স্টেডিয়ামের দর্শকাসন ছিল কাণায় কাণায় পূর্ণ। মেসি কিছু সময়ের জন্য মাঠে উপস্থিত হন এবং বিশিষ্ট ব্যক্তিরা তাঁর সঙ্গে ছবিও তোলেন। তবে, অভিযোগ উঠেছে যে মেসিকে ঘিরে অতিরিক্ত ভিড় থাকার কারণে সাধারণ দর্শকরা তাঁকে দেখতে পাননি। মেসি গোটা মাঠ পরিক্রমার কথা থাকলেও, ভিড়ের কারণে তিনি তা করতে পারেননি। এর ফলে হতাশ হয়ে দর্শকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে গ্যালারি থেকে অসংখ্য জলের বোতল মাঠে ছোঁড়া হয়। নির্ধারিত সময়ের আগেই মেসি যুব ভারতী ক্রীড়াঙ্গণ ছেড়ে চলে যাওয়ার পর ক্ষুদ্ধ দর্শকরা মাঠের দখল নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ দিয়ে মাঠ খালি করতে হয়।

পুলিশের পদক্ষেপ: উদ্যোক্তা আটক ও টাকা ফেরতের নির্দেশ

এই চরম বিশৃঙ্খলার প্রেক্ষিতে কঠোর পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের ডিজি রাজীব কুমার জানিয়েছেন, এই ঘটনার জন্য দায়ী উদ্যোক্তা শতদ্রু দত্তকে আটক করা হয়েছে। ডি জি আরও জানান, উদ্যোক্তাকে দ্রুত দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

এডিজি ল অ্যান্ড অর্ডার জাভেদ শামিম জানান, বিশৃঙ্খলার ঘটনার তদন্ত শুরু হয়েছে। তিনি নিশ্চিত করেছেন যে আপাতত মাঠের বাইরে কোনো বিশৃঙ্খলা নেই এবং দর্শকরা যাতে সুষ্ঠুভাবে বাড়ি ফিরে যেতে পারেন, তার ব্যবস্থা করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর দুঃখপ্রকাশ ও উচ্চ-পর্যায়ের তদন্ত কমিটি

এই দুর্ভাগ্যজনক ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, এই চরম বিশৃঙ্খলায় তিনি ভীষণভাবে ব্যথিত। মুখ্যমন্ত্রী এই ঘটনার জন্য লিওনেল মেসি এবং সমস্ত ফুটবলপ্রেমীর কাছে ক্ষমা চেয়েছেন

পাশাপাশি, ঘটনার প্রকৃত কারণ ও দায়িত্ব নির্ধারণের জন্য মুখ্যমন্ত্রী একটি উচ্চ-পর্যায়ের তদন্ত কমিটি গঠনের ঘোষণা করেছেন। বিচারপতি অসীম কুমার রায়ের সভাপতিত্বে এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে মুখ্য সচিব এবং পার্বত্য বিষয়ক দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবও সদস্য হিসেবে রয়েছেন।

বিশৃঙ্খলার কারণ ও উদ্যোক্তাদের গাফিলতি খতিয়ে দেখতে তদন্ত কমিটি দ্রুত কাজ শুরু করবে বলে জানা গেছে।

Loading