February 4, 2026

মগরাহাটে এসআইআর শুনানি কেন্দ্রে বিক্ষোভ, ব্যাহত ভোটার তালিকা সংশোধনের শুনানি

বিএলএদের প্রবেশের দাবিতে তৃণমূল কর্মীদের বিক্ষোভের অভিযোগ

সোমালিয়া ওয়েব নিউজঃ পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট–১ ব্লকের শিরাকোল যুধিষ্ঠির ননিলাল হাইস্কুলে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার শুনানি কেন্দ্র ঘিরে বিক্ষোভের ঘটনায় গতকাল শুনানি পর্ব ব্যাহত হয়। নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষক সি. মুরুগানকে ঘিরে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে বলে অভিযোগ।

সূত্রের খবর, বুথ লেভেল এজেন্টদের (বিএলএ) শুনানি কেন্দ্রে ঢুকতে দেওয়ার দাবিতে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরাই বিক্ষোভ দেখান। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠায় শুনানির কাজ কার্যত বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছন প্রশাসনিক আধিকারিকরা।

উল্লেখ্য, শনিবার থেকেই রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্ব শুরু হয়েছে। এই প্রক্রিয়ার আওতায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, সংশোধন ও আপত্তি সংক্রান্ত দাবিদাওয়া খতিয়ে দেখা হচ্ছে। এ সময় ৬, ৭ ও ৮ নম্বর ফর্ম গ্রহণের জন্য বুথ লেভেল আধিকারিকদের বাড়তি দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন।

এদিকে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সপ্তাহের কর্মদিবসের মধ্যে যেকোনো তিনদিন বুথ লেভেল আধিকারিকদের নিজ নিজ বুথে অন্তত দু’ঘণ্টা করে উপস্থিত থাকতে হবে। শুনানি পর্বে তথ্য যাচাইয়ের জন্য বয়স্ক ও অসুস্থ ভোটারদের কেন্দ্রে হাজির হতে বাধ্য করা যাবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে। পাশাপাশি, ছুটির দিনগুলিতে অন্তত চার ঘণ্টা করে বুথে বসে ভোটারদের কাছ থেকে ৬, ৭ ও ৮ নম্বর ফর্ম সংগ্রহ করতে হবে।

নির্বাচন সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া চলাকালীন বিক্ষোভ ও অশান্তির ঘটনায় প্রশাসনিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, শান্তিপূর্ণ পরিবেশে শুনানি ও ভোটার তালিকা সংশোধনের কাজ সম্পন্ন করতে প্রশাসন তৎপর বলে জানা গেছে।

Loading