সোমালিয়া ওয়েব নিউজঃ বর্জ্য ব্যবস্থাপনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ ধীরে ধীরে সার্কুলার ইকোনমি বা পুনর্ব্যবহারভিত্তিক অর্থনীতির দিকে এগোচ্ছে বলে জানালেন রাজ্যের পরিবেশ সচিব রোশনি সেন। কলকাতায় ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স আয়োজিত এক সভায় তিনি এই মন্তব্য করেন।
পরিবেশ সচিব জানান, রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME) এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনার একটি পূর্ণাঙ্গ ও সুসংহত কাঠামো গড়ে তোলা হয়েছে। পুনর্ব্যবহারকারী এবং পুনরায় প্রক্রিয়াকরণকারী সংস্থাগুলিকে শিল্পের একটি স্বতন্ত্র শ্রেণি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি, শিল্পোদ্যোগের অনুমোদনের জন্য এক জানালার মাধ্যমে পরিষেবা ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানান তিনি।
ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে রাজ্য সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বলেও উল্লেখ করেন রোশনি সেন। তিনি জানান, পশ্চিমবঙ্গ ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WEBEL)-কে রাজ্যস্তরের নোডাল ও কার্যকরী সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নির্মাণ ও ধ্বংসাবশেষ বর্জ্য ব্যবস্থাপনায়ও রাজ্য এগিয়ে রয়েছে বলে দাবি করেন পরিবেশ সচিব। তিনি জানান, নিউ টাউনে দৈনিক ৫০০ টন ক্ষমতাসম্পন্ন নির্মাণ ও ধ্বংসাবশেষ বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। সমস্ত নির্মাণকারী সংস্থাকে এই কেন্দ্র ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়েছে।
এছাড়াও, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর হার্ডওয়্যার পার্কে অত্যাধুনিক ই-বর্জ্য পুনর্ব্যবহার কেন্দ্র গড়ে তোলার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও সভায় জানানো হয়। রাজ্যের এই উদ্যোগ পরিবেশ সুরক্ষা ও টেকসই শিল্প উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।

![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ