সোমালিয়া ওয়েব নিউজঃ পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর সঙ্গমে পুণ্যস্নানের জন্য ঢল নামল লক্ষ লক্ষ তীর্থযাত্রীর। রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পুণ্যার্থীদের ভিড়ে সাগর মেলা কার্যত মিলনমেলায় পরিণত হয়েছে। ভোর থেকেই কড়া নিরাপত্তা ও নজরদারির মধ্যে পুণ্যস্নান শুরু হয়।
মকর সংক্রান্তি উপলক্ষে আজ দুপুর ১টা ১৯ মিনিটে পুণ্যস্নানের মাহেন্দ্রক্ষণ শুরু হয়। মা গঙ্গাকে পুজো দিয়ে সূর্যপ্রণামের মাধ্যমে স্নান সেরে কপিলমুনি মন্দিরে পুজো দেন তীর্থযাত্রীরা। জলপথ ও স্থলপথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।
আজ মকর সংক্রান্তি—এই দিনে সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে এবং দক্ষিণায়ন থেকে উত্তরায়ণের সূচনা হয়। শাস্ত্র মতে, এই দিনটিকে কলিযুগের সূচনার সঙ্গেও যুক্ত করা হয়। পৌষ মাসের অবসানের সঙ্গে সঙ্গে শীতের শেষে বসন্তের আগমনের বার্তাও বহন করে এই তিথি।
সূর্যের গতিপথের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বিভিন্ন প্রান্তে আজ কৃষিভিত্তিক নানা উৎসব উদযাপিত হচ্ছে। নতুন ধান ওঠার আনন্দে ঘরে ঘরে পিঠে-পুলি তৈরির রেওয়াজ রয়েছে। পাশাপাশি ঘুড়ি ওড়ানো, ফানুস ওড়ানো ও নানা লোকাচারের মধ্য দিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র।
দেশের বিভিন্ন অঞ্চলে এই উৎসব বিভিন্ন নামে পরিচিত। তামিলনাড়ুতে এটি পোঙ্গল, গুজরাটে উত্তরায়ণ, অসমে ভোগালি বিহু এবং পশ্চিমবঙ্গে পৌষ সংক্রান্তি নামে পালিত হয়।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মকর সংক্রান্তি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এই উৎসব প্রকৃতি, পরিবার ও সমাজের সঙ্গে ভারসাম্য বজায় রেখে জীবনযাপনের পথ দেখায়।
পুণ্যার্থীদের ভিড়, ধর্মীয় আবেগ ও উৎসবের রঙে গঙ্গাসাগর মেলা আজ এক অনন্য মহামিলনের সাক্ষী।

![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ