বেঙ্গাই কলেজ ও স্কুল প্রাঙ্গণে জোরকদমে প্রস্তুতি, থাকছে চিকিৎসা শিবির থেকে শুরু করে প্রদর্শনী
সোমালিয়া ওয়েব নিউজ; শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম আবির্ভাব বর্ষ উপলক্ষে প্রীদমপ্রসূ মহোৎসব অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৮ই জানুয়ারি, রবিবার। বেঙ্গাই কলেজ ও স্কুল প্রাঙ্গণে এই মহোৎসব ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোরকদমে প্রস্তুতি। প্রস্তুতি পর্ব ঘুরে দেখল সংবাদ সোমালিয়া।
অস্থায়ীভাবে কাপড়ের প্যান্ডেল দিয়ে অনুকূল ঠাকুরের নাট মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের পথে। পাশাপাশি, ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন ও দর্শনকে কেন্দ্র করে একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে, যা ভক্তদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছেন উদ্যোক্তারা।
মহোৎসব উপলক্ষে সামাজিক পরিষেবার দিকটিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। থাকছে সম্পূর্ণ নিখরচায় চিকিৎসা পরিষেবা ও রক্ত পরীক্ষার বিশেষ ক্যাম্প। কলকাতা থেকে আসছেন একাধিক নামী ও অভিজ্ঞ স্পেশালিস্ট চিকিৎসক, যাঁদের মাধ্যমে আগত ভক্তরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ নিতে পারবেন। পাশাপাশি, ভক্তদের বাড়ির পানীয় জলের গুণমান পরীক্ষা করার জন্য থাকছে বিশেষ জল পরীক্ষার ক্যাম্প। এখানেও নিখরচায় পানীয় জল পরীক্ষা করানোর সুযোগ মিলবে।
উৎসবের সূচনা হবে ১৭ই জানুয়ারি বিকাল থেকেই। ওই দিন বিকাল থেকে শুরু হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। পরের দিন অর্থাৎ ১৮ই জানুয়ারি ভোর পাঁচটা থেকে শুরু হবে মূল অনুষ্ঠান, যা চলবে রাত সাড়ে নটা পর্যন্ত।
ভোর চারটে থেকেই উষা কীর্তন, নগর পরিক্রমা, মঙ্গলারতি ও প্রার্থনার মধ্য দিয়ে সূচনা হবে অনুষ্ঠান পর্বের। সকালে ভক্তদের জন্য বিশেষ টিফিনের ব্যবস্থা রাখা হয়েছে। দুপুরে থাকছে বিশেষ প্রসাদ বিতরণ। উদ্যোক্তাদের দাবি, প্রায় ১০ থেকে ১২ হাজার ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। থাকছে সারাদিনব্যাপী সৎমন্ত্রে দীক্ষার ব্যবস্থা।
উৎসবকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিভিন্ন ব্যবস্থাপনাগত দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তাঁদের আশা, ভক্তি, শৃঙ্খলা ও মানবকল্যাণের বার্তা নিয়ে এই মহোৎসব সকলের মনে গভীর প্রভাব ফেলবে। অনুষ্ঠানসূচি নিচে দেখুন।


![]()

More Stories
মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, গোঘাট থানায় অভিযোগ—যুবক আটক
বাঁশের কঞ্চির ছিপ থেকে আধুনিক চারা,রিল—বদলে গিয়েছে মাছ ধরার সরঞ্জামের দুনিয়া
স্বর্গীয় বলরাম ঘোষের জন্মশতবর্ষে বাজুয়া হাই স্কুলের কাবাডি ও ফুটবল প্রতিযোগিতা