৩৫ হাজার কোটি টাকার বিনিয়োগ, বছরে ১০ লক্ষ গাড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা
সোমালিয়া ওয়েব নিউজঃ গুজরাতের খোরাজে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে একটি নতুন গাড়ি নির্মাণ কারখানা গড়ে তুলতে চলেছে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড। বৃহস্পতিবার গান্ধীনগরে গুজরাত সরকারের সঙ্গে গাড়ি নির্মাতা সংস্থাটির এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ও উপ-মুখ্যমন্ত্রী হর্ষ সাংভি। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এই বিনিয়োগ গুজরাতের অর্থনীতিতে নতুন গতি আনবে।
প্রায় ১ হাজার ৭৫০ একর জমির উপর গড়ে উঠবে এই অত্যাধুনিক উৎপাদন কেন্দ্র। পরিকল্পনা অনুযায়ী, কারখানাটি থেকে বার্ষিক ১০ লক্ষ গাড়ি উৎপাদন করা হবে। সংস্থার লক্ষ্য, ২০২৯ সালের মধ্যেই উৎপাদন শুরু করা।
এই প্রকল্প বাস্তবায়িত হলে সরাসরি ও পরোক্ষভাবে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, ভারতের অটোমোবাইল শিল্পে গুজরাতের অবস্থান আরও মজবুত হবে বলেই মনে করছেন শিল্প বিশেষজ্ঞরা।

![]()

More Stories
প্রাকৃতিক দুর্যোগে আগাম সতর্কতা—‘সেল ব্রডকাস্ট সিস্টেম’ চালু করল ভারত সরকার
গুজরাত পুরনিগমে বিজেপির বড় জয়, উন্নয়ন রাজনীতির বার্তা স্পষ্ট
নীতি আয়োগে বাঙালির উজ্জ্বল উপস্থিতি: অশোক লাহিড়ী ভাইস চেয়ারম্যান, সদস্য পদে গোবর্ধন দাস