September 19, 2026

চন্দ্রযান-৪ ও ৫-এর পাশাপাশি মঙ্গল ল্যান্ডার মিশনের প্রস্তুতি ইসরোর

চলতি বা আগামী বছরেই মহাকাশে মানুষ পাঠানোর ইঙ্গিত

সোমালিয়া ওয়েব নিউজঃচতুর্থ ও পঞ্চম চন্দ্রযান অভিযানের পাশাপাশি মঙ্গল গ্রহে ল্যান্ডার পাঠানোর জন্যও প্রস্তুতি শুরু করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। বৃহস্পতিবার কলকাতায় আইআইটি খড়গপুরের উদ্যোগে আয়োজিত ‘ইম্প্যাক্ট রাইস ২০২৬’ কমক্লেভে এই গুরুত্বপূর্ণ তথ্য জানান ইসরোর চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন।

তিনি জানান, চলতি বছর অথবা আগামী বছরের মধ্যেই ভারত মহাকাশে মহাকাশচারী পাঠাতে পারে। গগনযান কর্মসূচির প্রস্তুতি দ্রুত গতিতে এগোচ্ছে এবং মানব মহাকাশ অভিযানের ক্ষেত্রে ভারত এক নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

ডক্টর নারায়ণন আরও বলেন, আগামী দু’ থেকে তিন বছরের মধ্যে মহাকাশে পাঠানো স্যাটেলাইটের সংখ্যা প্রায় তিন গুণ বৃদ্ধি পাবে। এর ফলে যোগাযোগ, আবহাওয়া পর্যবেক্ষণ, দুর্যোগ মোকাবিলা ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ভারতের সক্ষমতা আরও বাড়বে।

চন্দ্রযান অভিযানের সাফল্যের পর ইসরোর ভবিষ্যৎ পরিকল্পনায় চাঁদ ও মঙ্গল—দু’টি গ্রহই বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে মঙ্গল ল্যান্ডার মিশন বাস্তবায়িত হলে মহাকাশ গবেষণায় ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Loading