February 4, 2026

কাঠুয়ার বিলাওয়ারে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য, তিনটি জঙ্গি আস্তানা ধ্বংস

সোমালিয়া ওয়েব নিউজঃ জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলার বিলাওয়ার তহসিলে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে গতকাল বড় সাফল্য মিলেছে । দেশবিরোধী কার্যকলাপের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো তল্লাশি অভিযানে তিনটি জঙ্গি আস্তানা ধ্বংস করে দেওয়া হয়েছে বলে নিরাপত্তা সূত্রে জানা গেছে।

সূত্রের খবর, কামাড় নাল্লা, কলাবন এবং ধনু পারোল জঙ্গল এলাকায় জঙ্গিদের গোপন ঘাঁটি থাকার নির্দিষ্ট তথ্য পাওয়ার পর সেনাবাহিনী, পুলিশ ও আধাসামরিক বাহিনীর যৌথ দল তল্লাশি অভিযান শুরু করে। এই অভিযানে গত বুধ ও বৃহস্পতিবার—দু’দিন ধরে চলা তল্লাশিতে তিনটি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই আস্তানাগুলি জঙ্গিরা আশ্রয় নেওয়া, অস্ত্র ও রসদ মজুত এবং নাশকতার পরিকল্পনার কাজে ব্যবহার করত। অভিযানের সময় জঙ্গি কার্যকলাপে ব্যবহৃত বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে বলেও জানা গেছে, যদিও বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।

অঞ্চলটিতে বর্তমানে অতিরিক্ত বাহিনী মোতায়েন রেখে তল্লাশি ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলির মতে, এই সাফল্যের ফলে সীমান্তবর্তী এলাকায় জঙ্গি নেটওয়ার্ক বড় ধাক্কা খেল।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Loading