February 15, 2026

মহা শিবরাত্রিতে দেশজুড়ে ভক্তদের ঢল, শৈব তীর্থে বিশেষ পূজা

সোমালিয়া ওয়েব নিউজঃ আজ মহা শিবরাত্রি উপলক্ষে রাজ্য ও দেশের বিভিন্ন শৈব তীর্থ এবং শিবমন্দিরে ভোর থেকেই ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে। উপবাস পালন করে ধর্মীয় রীতি মেনে শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করে মহাদেবের আরাধনায় মগ্ন হন ভক্তরা। দিনভর মন্দির চত্বরে চলে বিশেষ পূজা, আরতি ও ভক্তিমূলক অনুষ্ঠান।

পশ্চিমবঙ্গের অন্যতম শৈব তীর্থ তারকেশ্বর মন্দির , জল্পেস মন্দির এবং নেপালের পশুপতিনাথ মন্দির -সহ দেশের বিভিন্ন শিবমন্দিরে আজ সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পূজা দেন ভক্তরা। অনেকেই সারাদিন নির্জলা উপবাস থেকে শিবের মাথায় জল ঢেলে পূজা সম্পন্ন করেন।

শিবরাত্রি উপলক্ষে মন্দিরগুলিকে আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। সন্ধ্যায় বিশেষ আরতি এবং ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিভিন্ন তীর্থক্ষেত্রে। ভক্তদের ভিড় সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে।

মহা শিবরাত্রিকে কেন্দ্র করে ধর্মীয় আবহে মুখর হয়ে উঠেছে গোটা দেশ। ভক্তদের বিশ্বাস, এই পবিত্র তিথিতে মহাদেবের আরাধনা করলে জীবনে কল্যাণ ও শান্তি নেমে আসে।

Loading