পুলিশ-প্রশাসন ও এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা
সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে আজ বৈঠকে বসেছিলেন নির্বাচন কমিশন-এর এক প্রতিনিধিদল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে পর্যায়ক্রমে রাজ্যের পুলিশ, প্রশাসন, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, রাজ্য পুলিশের নোডাল অফিসার (SPNO), কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার এবং বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সির নোডাল অফিসারদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
কমিশনের প্রতিনিধিদলে ছিলেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার, ডেপুটি ইলেকশন কমিশনার এবং কমিশনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাহিনী মোতায়েন, স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণ, নজরদারি ব্যবস্থা, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করার রূপরেখা—এই সব বিষয়েই বিস্তারিত পর্যালোচনা হয়েছে ।
এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস ও অরিন্দম নিয়োগী। এছাড়াও ছিলেন রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের অন্যান্য আধিকারিকরা।
সূত্রের খবর, নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখে কমিশন প্রয়োজনীয় নির্দেশিকা জারি করতে পারে। কমিশনের তরফে স্পষ্ট বার্তা—স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না।

![]()

More Stories
আগামী ৩ মার্চ ভারতের আকাশে দেখা যাবে বছরের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ
বিধানসভা ভোটের আগে বহুতলে ৫৭ নতুন বুথের প্রস্তাব
বাংলার ‘চাণক্য’ প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায় আর নেই: বিতর্ক, কৌশল আর রাজনৈতিক অধ্যায়ের অবসান