ফোনালাপ: ইউএই-র পাশে ভারতের বার্তা, আঞ্চলিক শান্তির পক্ষে জোর

আফগানিস্তানের দাবি—পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটিতে ‘সুনির্দিষ্ট’ হামলা

সোমালিয়া ওয়েব নিউজঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহয়ান-এর সঙ্গে ফোনে কথা বলেন। সাম্প্রতিক হামলা ও প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী জানান, কঠিন এই সময়ে ভারত ইউএই-র পাশে রয়েছে। একইসঙ্গে ইউএই-তে বসবাসকারী ভারতীয়দের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার জন্য প্রেসিডেন্ট শেখকে ধন্যবাদ জানান তিনি।

সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভারত উত্তেজনা প্রশমণ, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার পক্ষে অটল। কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে, দ্বিপাক্ষিক সহযোগিতা, প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা এবং উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

অন্যদিকে, আজ এক বিবৃতিতে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে, পাকিস্তানের একাধিক সামরিক স্থাপনায় একযোগে সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বিবৃতিতে বলা হয়, নূর খান বিমানঘাঁটি (রাওয়ালপিন্ডি), দ্বাদশ ডিভিশন সদর দপ্তর (কোয়েটা) এবং খোয়াজাইচৌকি (মোহমান্দ এজেন্সি, খাইবার পাখতুনখোয়া) সহ পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

এ বিষয়ে পাকিস্তানের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। আঞ্চলিক পরিস্থিতি ঘিরে উদ্বেগ বাড়ছে বলে কূটনৈতিক মহলের মত। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, চলমান উত্তেজনার আবহে সংশ্লিষ্ট দেশগুলির সংযমী ভূমিকা ও কূটনৈতিক উদ্যোগই স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Loading