বিচারব্যবস্থার সংস্কার ও নারীর অগ্রযাত্রা—বিশ্ব নারী দিবসে বার্তা আইনজীবী ও সমাজকর্মী পম্পা দে ধবলের

সোমালিয়া ওয়েব নিউজঃ বিশ্ব নারী দিবস উপলক্ষে দেশের বিচারব্যবস্থা, আইনের সচেতনতা এবং সমাজে নারীর ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করলেন বিশিষ্ট মহিলা আইনজীবী ও সমাজকর্মী পম্পা দে ধবল। তাঁর মতে, বর্তমানে দেশের আদালতগুলিতে লক্ষ লক্ষ মামলা বছরের পর বছর ধরে বিচারাধীন অবস্থায় পড়ে আছে, যা বিচারপ্রার্থীদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন সুপ্রিম কোর্ট ,হাইকোর্ট সহ বিভিন্ন নিম্ন আদালতে বিপুল সংখ্যক মামলা ঝুলে রয়েছে। অনেক ক্ষেত্রেই যে সমস্যার সমাধানের জন্য মামলা করা হয়, সেই সমস্যার নিষ্পত্তি হতে ১০–১৫ বছর পর্যন্ত সময় লেগে যাচ্ছে। তাঁর মতে, কোনও অসুবিধার জন্য মামলা হলে সম্ভব হলে এক মাসের মধ্যেই তার নিষ্পত্তি হওয়া উচিত। দীর্ঘদিন ধরে মামলা চলতে থাকলে সেই সময়ের সামাজিক পরিস্থিতিও বদলে যায় এবং বিচারপ্রার্থীর সমস্যার প্রকৃত সমাধান আর হয় না।

বিচারব্যবস্থায় পরিকাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্য, ডিজিটালাইজেশনের ফলে কিছুটা সুবিধা হলেও এখনো আদালতের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহার শুরু হয়নি। দ্রুত বিচার নিশ্চিত করতে প্রযুক্তির আরও কার্যকর প্রয়োগ জরুরি।

পম্পা দে ধবল আরও বলেন, বিচারকের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তাঁর মতে, দেশের আদালতগুলিতে যে সংখ্যক বিচারকের প্রয়োজন, বর্তমানে তার প্রায় অর্ধেকই রয়েছে। ফলে মামলার জট ক্রমশ বাড়ছে।

একজন মহিলা আইনজীবী হিসেবে পেশাগত চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্য, সমাজে কোনও নারী নির্যাতনের শিকার হলে দ্রুত বিচার পাওয়া অত্যন্ত জরুরি। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রেই সেই বিচার পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও বলেন, বিচার বিভাগ ও শাসন বিভাগের মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুই ব্যবস্থাকে পরস্পর অঙ্গাঙ্গিভাবে কাজ করতে হবে। বর্তমানে পুলিশের নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলা এবং চাকরির সংক্রান্ত মামলার সংখ্যাও বেড়ে চলেছে বলে তিনি জানান।

আইন সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতার উপরও জোর দেন এই বিশিষ্ট আইনজীবী। তাঁর মতে, সমাজের প্রতিটি মানুষেরই মৌলিক আইনি জ্ঞান থাকা উচিত। তাই ছোটবেলা থেকেই পাঠ্যপুস্তক ও শিক্ষার সিলেবাসে আইনের মৌলিক বিষয় অন্তর্ভুক্ত করা দরকার।

উল্লেখ্য, হাইকোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবনে দু’বার সেরা সম্মানে ভূষিত হয়েছেন পম্পা দে ধবল। তিনি মনে করেন, আইনজীবী পেশা অত্যন্ত সম্মানজনক একটি জীবিকা। নারীরাও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং তাঁদের অবদানেই সমাজ আরও সমৃদ্ধ হচ্ছে।

বিশ্ব নারী দিবসের প্রেক্ষাপটে তাঁর বার্তা—নারীরা শুধু নিজেদের অধিকার প্রতিষ্ঠা করছেন না, সমাজকেও বিভিন্ন পরিষেবা ও দায়িত্বের মাধ্যমে পূর্ণতা দিচ্ছেন। তাই সমাজের সর্বস্তরে নারীর সম্মান ও সুযোগ নিশ্চিত করাই হওয়া উচিত আগামী দিনের প্রধান লক্ষ্য।

Loading