বিদ্যারম্ভ সংস্কার: জ্ঞানের পথে প্রথম পদক্ষেপ
সোমালিয়া ওয়েব নিউজঃ শিশুর শিক্ষাজীবনের শুভ সূচনা হিসেবে ভারতীয় সংস্কৃতিতে ‘বিদ্যারম্ভ সংস্কার’ বা ‘হাতে খড়ি’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহ্য। শতাব্দী প্রাচীন এই প্রথা আজও সমান গুরুত্বের সঙ্গে পালিত হচ্ছে সমাজের বিভিন্ন স্তরে। সেই ধারাবাহিকতায় শুক্রবার বালিবেলা সরস্বতী শিশু মন্দিরে আচার–অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল বিদ্যারম্ভ সংস্কার। অনুষ্ঠানের সূচনায় বালিবেলা গ্রামের প্রধান কালী মন্দিরে পুজো দেওয়া হয়। ছোট ছোট ছাত্র–ছাত্রী ও তাঁদের অভিভাবকেরা শৃঙ্খলাবদ্ধভাবে পায়ে হেঁটে মন্দিরে গিয়ে দেবীর আরাধনা করেন। সেখান থেকে ফিরে স্কুল প্রাঙ্গণে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় যজ্ঞ ও হোমের আচার। প্রায় ১৫ থেকে ২০টি হোমকুণ্ডে ছাত্র–ছাত্রী ও তাঁদের অভিভাবকেরা একসঙ্গে যজ্ঞে অংশগ্রহণ করেন। সাধারণত পুরোহিতরাই সরস্বতী পুজোর দিনে বাড়িতে শিশুর হাত ধরে প্রথম অক্ষর লিখে দেন। কিন্তু এই অনুষ্ঠানের বিশেষত্ব বিশেষ তিথিতে পিতা-মাতা অথবা পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য শিশুর হাত ধরে সরকাঠির কলম তৈরি করে ‘ওঁ’ লিখিয়ে দেন। ওঁ’ হলো সবচেয়ে পবিত্র ও সর্বজনীন শব্দ, যা পরম ব্রহ্ম বা পরমেশ্বরের বাচক বা প্রতীক। এটি মূলত ‘অ’, ‘উ’ এবং ‘ম’—এই তিনটি ধ্বনির সমন্বয়ে গঠিত, যা যথাক্রমে সৃষ্টি (ব্রহ্মা), স্থিতি (বিষ্ণু) ও লয় বা ধ্বংসের (মহেশ্বর/শিব) প্রতীক হিসেবে গণ্য হয়। ওঁ-কে মহাবিশ্বের আদি শব্দ বা সৃষ্টিকর্তার ধ্বনি রূপও মনে করা হয়। শাস্ত্র মতে মানুষের জীবনে ষোলোটি সংস্কারের উল্লেখ রয়েছে, যার মধ্যে বিদ্যারম্ভ সংস্কার বিশেষ তাৎপর্যপূর্ণ। এই আচার শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং শিশুর জীবনে জ্ঞান, শিক্ষা ও সংস্কৃতির পথে প্রথম পদক্ষেপের প্রতীক। সাধারণত শিশুদের চার বছর বয়সে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করানো হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিবছরই এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান আচার্য পলাশ সামুই, সহকারী আচার্য–আচার্যা, উদয় শ্রেণীর ছাত্র–ছাত্রী এবং তাঁদের অভিভাবকেরা। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, বিদ্যারম্ভ সংস্কারের মূল উদ্দেশ্য শিশুদের মনে শিক্ষার প্রতি শ্রদ্ধা ও আগ্রহ তৈরি করা। আধুনিক শিক্ষাব্যবস্থা যতই উন্নত হোক না কেন, এই ঐতিহ্যের গুরুত্ব আজও অটুট রয়েছে। ছোট্ট একটি অক্ষর লেখার মধ্য দিয়েই শুরু হয় শিশুর জ্ঞানের অসীম জগতে যাত্রা—আর সেই যাত্রারই শুভ সূচনা ঘটে বিদ্যারম্ভ সংস্কারের মাধ্যমে।



![]()

More Stories
১৫ বছরের পুরনো সাওড়া খুন মামলায় বড় মোড় — হাইকোর্টে বেকসুর খালাস ১৯ জন
“আমরাই এখন গরু”— আলুর দামে ধস, চোখের জলে মাঠে নেমেছে গোঘাটের কৃষক পরিবার
স্বনির্ভরতার স্বপ্ন নাকি ঋণের ফাঁদ? বিশ্ব নারী দিবসে উঠে এল মাইক্রোফাইন্যান্সের বাস্তব চিত্র