চুল কাটতে গিয়ে ‘চুলচেরা’ বিপত্তি! থানায় অভিযোগ, চাঞ্চল্য চন্দ্রকোণায়

সোমালিয়া ওয়েব নিউজঃ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকায় এক অভিনব অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। চুল কাটতে গিয়ে নাপিতের ‘অতিরিক্ত উৎসাহে’ বিপাকে পড়ে শেষমেশ থানার দ্বারস্থ হতে হয়েছে এক ব্যক্তিকে। এমনই একটি অভিযোগপত্র সম্প্রতি সামনে এসেছে, যা নিয়ে ইতিমধ্যেই এলাকায় হাসির রোল পড়েছে।

অভিযোগপত্রটি চন্দ্রকোনা থানার উদ্দেশ্যে লেখা। সেখানে অভিযোগকারী দাবি করেছেন, চুল কাটাতে গিয়ে নাপিত নাকি প্রয়োজনের তুলনায় অনেক বেশি চুল কেটে ফেলেছেন। শুধু তাই নয়, চুল কাটার ধরণ নিয়েও আপত্তি জানানো হয়েছে—উপর-নিচ অসমান করে দেওয়া, পছন্দমতো স্টাইল না হওয়া ইত্যাদি নানা ‘গুরুতর’ বিষয় তুলে ধরা হয়েছে চিঠিতে।

অভিযোগে আরও বলা হয়েছে, চুল ঠিক করার জন্য বারবার অনুরোধ করা হলেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। শেষমেশ বিরক্ত হয়ে বাড়ি ফিরে নিজেই চুল সামলানোর চেষ্টা করতে হয়েছে বলে উল্লেখ রয়েছে। এমনকি, এই ঘটনার জেরে মানসিক অস্বস্তির কথাও লিখেছেন অভিযোগকারী।

সবচেয়ে মজার বিষয়, সাধারণত চুরি, মারামারি বা প্রতারণার অভিযোগ যেখানে থানায় যায়, সেখানে ‘চুল কাটা নিয়ে অভিযোগ’ জমা পড়ায় অবাক স্থানীয়রাও। অনেকেই বিষয়টিকে হালকাভাবে নিয়ে মজা করলেও, আবার কেউ কেউ বলছেন—“গ্রাহকের সন্তুষ্টিও তো গুরুত্বপূর্ণ!”

তবে এই অভিযোগপত্রটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও, এর সত্যতা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে।

এই চিঠির সত্যতা যাচাই করা হয়নি।

Loading