সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীন ডিরেক্টরেট অফ হেলথ থেকে গত 13.03.2026 তারিখে জারি হওয়া সাম্প্রতিক অ্যাডেন্ডাম ঘিরে সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের আন্দোলনে নতুন মোড় এসেছে। ২০২২–২০২৫ ব্যাচের সিনিয়র রেসিডেন্টদের জন্য প্রণীত নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিউর (SOP)-এ মেধাভিত্তিক কাউন্সেলিং প্রক্রিয়া কার্যত বাতিল করে প্রশাসনিক ইচ্ছাধীন পোস্টিং ও যেকোনো সময় ট্রান্সফারের বিধান চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল, পাশাপাশি উচ্চতর ডিগ্রি যেমন DM/MCh, DrNB ও অন্যান্য ফেলোশিপ করার ক্ষেত্রে NOC না দেওয়ার সিদ্ধান্ত চিকিৎসকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। এই সিদ্ধান্তের প্রতিবাদে সম্প্রতি চিকিৎসকদের প্রতিনিধি দল West Bengal Junior Doctors’ Front-এর নেতৃত্বে ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন (DME)-এর কাছে ডেপুটেশন দিতে গেলে স্বাস্থ্য ভবনের সামনে কড়া পুলিশি নিরাপত্তা ও ব্যারিকেডের মুখে পড়তে হয় এবং প্রতিনিধিদের প্রবেশে বাধা দেওয়া নিয়ে প্রশাসনের বিরুদ্ধে অগণতান্ত্রিক আচরণের অভিযোগ ওঠে। ক্রমবর্ধমান চাপ ও ঐক্যবদ্ধ প্রতিবাদের জেরে শেষ পর্যন্ত স্বাস্থ্য ভবনের তরফে প্রকাশিত নতুন নোটিসে SOP সংশোধন করে DM/MCh-এর পাশাপাশি DrNB অন্তর্ভুক্ত করে NOC প্রদানের কথা জানানো হয়েছে, যা চিকিৎসক মহলের একাংশের মতে আন্দোলনের আংশিক সাফল্য। তবে চিকিৎসকদের অভিযোগ, প্রাথমিক SOP-এ সব ধরনের উচ্চতর ডিগ্রি ও ফেলোশিপের ক্ষেত্রেই নিষেধাজ্ঞা থাকলেও সংশোধিত নোটিসে কেবল DrNB-এর ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, ফলে বাকি ক্ষেত্রগুলিতে বৈষম্যমূলক নীতি বহাল রয়েছে। এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি, অর্থাৎ মেধাভিত্তিক স্বচ্ছ কাউন্সেলিংয়ের মাধ্যমে পোস্টিং ব্যবস্থা পুনর্বহালের প্রশ্ন এখনও অমীমাংসিত রয়ে গেছে। চিকিৎসক সংগঠনগুলির স্পষ্ট হুঁশিয়ারি, এই মৌলিক দাবি উপেক্ষা করে একতরফা নীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা চললে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তাঁরা এবং তার সম্পূর্ণ দায় বর্তাবে প্রশাসনের উপর।

![]()

More Stories
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু’দিনের পশ্চিমবঙ্গ সফর, ৮২০ কোটি টাকার উন্নয়ন প্যাকেজ ঘোষণা
দীঘার জগন্নাথ মন্দিরে দর্শনের সময়সূচিতে পরিবর্তন, বিকেলে এক ঘণ্টা দেরিতে খুলবে মন্দির
আগামী ৩-৪ দিন রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা