সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যের সাধারণ মানুষের অভাব-অভিযোগ, সমস্যা ও প্রয়োজনের কথা সরাসরি সরকারের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি নতুন জনমুখী পরিষেবার সূচনা হয়েছে। ‘আপনার সরকার আপনার পাশে’ নামে এই উদ্যোগের উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
গতকাল নবান্ন-এ অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করা হয়। সরকারের দাবি, প্রশাসনকে আরও জনমুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তুলতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
নতুন ব্যবস্থার আওতায় রাজ্যের নাগরিকরা সোম থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ৮২৮২০-৮২৮২০ নম্বরে ফোন করে নিজেদের সমস্যা, অভিযোগ বা প্রয়োজনের কথা সরাসরি জানাতে ও asap@wb.gov.in এই এড্ড্রেসে ইমেইল করতে পারবেন। প্রাপ্ত অভিযোগগুলি সংশ্লিষ্ট দপ্তরের কাছে পাঠানো হবে এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
সরকারের মতে, অনেক সময় সাধারণ মানুষ বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরেও তাঁদের সমস্যার সমাধান পান না বা অভিযোগ জানানোর সঠিক মাধ্যম সম্পর্কে অবগত থাকেন না। এই পরিষেবার মাধ্যমে একক নম্বরের সাহায্যে নাগরিকরা সহজেই সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ সফল করতে হলে অভিযোগ গ্রহণের পাশাপাশি তার নিষ্পত্তির অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ এবং অভিযোগকারীদের কাছে ফিডব্যাক পৌঁছে দেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কারণ কেবল অভিযোগ গ্রহণ নয়, সমস্যার কার্যকর সমাধানই মানুষের আস্থা অর্জনের প্রধান শর্ত।

![]()

More Stories
রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ৩৮% ডিএ-ডিআর মঞ্জুর, অর্থ দফতরের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি
ডুয়ার্সে ফাইলেরিয়া নির্মূলে শুরু ‘মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ কর্মসূচি
ভিবিজি রামজি প্রকল্পে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী