দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তিন নেতাকে বহিষ্কার, কড়া বার্তা বিজেপির

সোমালিয়া ওয়েব নিউজঃ দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তিন নেতাকে বহিষ্কার করল ভারতীয় জনতা পার্টি। বহিষ্কৃতদের মধ্যে একজন বর্তমান মণ্ডল সভাপতিও রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুর এলাকার তিন বিজেপি নেতাকে দল থেকে বহিষ্কার করল পশ্চিমবঙ্গ বিজেপি। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন তীর্থ মৈত্র, নিত্য মৈত্র এবং তিতু সরকার।

দলীয় নথি অনুযায়ী, নির্বাচনের পরবর্তী সময়ে ভীতি প্রদর্শন, হুমকি, দলীয় কর্মীদের ওপর নির্যাতন এবং একাধিক দলবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল ওই নেতাদের বিরুদ্ধে। অভিযোগগুলি পর্যালোচনার পর পশ্চিমবঙ্গ বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

দলীয় নেতৃত্বের বক্তব্য, সংগঠনের স্বার্থের ঊর্ধ্বে কোনও ব্যক্তি নন। কেউ পদে থাকলেই যে শাস্তির ঊর্ধ্বে থাকবেন, এমন ধারণা ভুল। দলের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক নিয়ম লঙ্ঘন করলে যে কোনও স্তরের নেতার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হতে পারে।

রাজ্য বিজেপির একাংশের মতে, এই পদক্ষেপের মাধ্যমে সংগঠনের ভেতরে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে দাদাগিরি, গোষ্ঠীদ্বন্দ্ব, কর্মীদের ভয় দেখানো কিংবা ব্যক্তিগত প্রভাব খাটিয়ে দল চালানোর চেষ্টা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।

দলীয় মহলের দাবি, কেউ যদি মনে করেন কোনও বিধায়ক, সাংসদ বা প্রভাবশালী নেতা তাঁকে রক্ষা করবেন, তবে সেই ধারণার কোনও ভিত্তি নেই। বিজেপি একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন এবং এখানে ব্যক্তি নয়, সংগঠনের নীতি ও শৃঙ্খলাই সর্বাধিক গুরুত্ব পায়।

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের পর সংগঠনকে আরও সুসংহত করতে এবং শৃঙ্খলা বজায় রাখতেই বিজেপি নেতৃত্ব এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। ভবিষ্যতেও দলবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে একই ধরনের কড়া অবস্থান বজায় থাকবে বলে ইঙ্গিত মিলেছে।

Loading