September 19, 2026

মেদিনীপুর মেডিক্যালের স্যালাইন-কাণ্ডে ডা. মহম্মদ আলাউদ্দিনের সাসপেনশন প্রত্যাহার

সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্য সরকার মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দূষিত স্যালাইন, আইভি ফ্লুইড এবং ওষুধ সংক্রান্ত ঘটনায় অধ্যাপক (ডা.) মহম্মদ আলাউদ্দিনের বিরুদ্ধে আরোপিত সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তাঁকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

সরকারি নির্দেশ অনুযায়ী, ডা. আলাউদ্দিনকে তাঁর চাকরিজীবনের সমস্ত প্রাপ্য সুবিধা ফিরিয়ে দেওয়া হবে। এর মধ্যে রয়েছে বকেয়া বেতন, অন্যান্য আর্থিক সুবিধা এবং পেনশন-সংক্রান্ত সমস্ত অধিকার পুনর্বহাল। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ঘটনার তদন্ত ও বিভাগীয় পর্যালোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, মেদিনীপুর মেডিক্যাল কলেজে দূষিত স্যালাইন ও আইভি ফ্লুইড ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেই ঘটনার জেরে কয়েকজন চিকিৎসক ও আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে এবং প্রশাসনিক পদক্ষেপ হিসেবে ডা. মহম্মদ আলাউদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

তবে পরবর্তী পর্যায়ে বিষয়টি পুনর্বিবেচনা করে রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলির ভিত্তি না পাওয়ায় সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে তিনি প্রশাসনিক ও আর্থিকভাবে সম্পূর্ণ মর্যাদা ফিরে পেলেন বলে মনে করা হচ্ছে।

স্বাস্থ্য মহলের একাংশের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা অনিশ্চয়তার অবসান ঘটল এবং সংশ্লিষ্ট চিকিৎসকের পেশাগত অবস্থানও পুনরুদ্ধার হল।

Loading