জুলাই থেকে দেশজুড়ে তিন গুরুত্বপূর্ণ সামাজিক-অর্থনৈতিক সমীক্ষা, কলকাতায় শুরু প্রশিক্ষণ শিবির


সোমালিয়া ওয়েব নিউজঃ দেশের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের লক্ষ্যে আগামী জুলাই মাস থেকে তিনটি গুরুত্বপূর্ণ সমীক্ষা শুরু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় পরিসংখ্যান ও পরিকল্পনা রূপায়ণ মন্ত্রকের অধীন ন্যাশনাল স্ট্যাটিস্টিক অফিস (এনএসও)-এর উদ্যোগে অল ইন্ডিয়া ডেট অ্যান্ড ইনভেস্টমেন্ট সার্ভে, সিচুয়েশন অ্যাসেসমেন্ট সার্ভে অফ এগ্রিকালচারাল হাউসহোল্ডস এবং মাইগ্রেশন পার্টিকুলারস সার্ভে পরিচালিত হবে।

এই কর্মসূচির অংশ হিসেবে সমীক্ষক ও তত্ত্বাবধায়কদের প্রশিক্ষণের জন্য কলকাতায় মঙ্গলবার থেকে চার দিনের একটি আঞ্চলিক প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ জুন পর্যন্ত। শিবিরের উদ্বোধন করে এনএসও-র কোঅর্ডিনেশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ডিভিশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল ড. সৌরভ চক্রবর্তী জানান, ২০২৬ সালের জুলাই মাস থেকে শুরু হয়ে ২০২৭ সালের জুন মাস পর্যন্ত এই সমীক্ষা চলবে। দেশের বিভিন্ন প্রান্তে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে এবং সেই তথ্যের ভিত্তিতেই বিভিন্ন মন্ত্রক ভবিষ্যৎ নীতি নির্ধারণ করবে।

ড. চক্রবর্তী জানান, সমীক্ষায় অংশগ্রহণকারীদের নাম ও ব্যক্তিগত পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। তাই সাধারণ মানুষের কাছে তিনি এই সমীক্ষায় সহযোগিতার আবেদন জানিয়েছেন।

অন্যদিকে, সংস্থার রিজিওনাল অফিসার ঈশিতা দাস জানান, মাইগ্রেশন পার্টিকুলারস সার্ভে-এর মাধ্যমে এক রাজ্য থেকে অন্য রাজ্যে মানুষের স্থানান্তরের কারণ ও তার বিভিন্ন দিক খতিয়ে দেখা হবে। এছাড়া অল ইন্ডিয়া ডেট অ্যান্ড ইনভেস্টমেন্ট সার্ভে-এর মাধ্যমে পরিবারের ঋণ গ্রহণ ও তা পরিশোধের ধরণ সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে। একই সঙ্গে সিচুয়েশন অ্যাসেসমেন্ট সার্ভে অফ এগ্রিকালচারাল হাউসহোল্ডস-এর মাধ্যমে কৃষক পরিবারগুলির মাসিক আয়, আয়ের উৎস এবং আর্থিক পরিস্থিতির সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করা হবে।

কেন্দ্রীয় সরকারের মতে, এই সমীক্ষাগুলি থেকে প্রাপ্ত তথ্য দেশের অর্থনৈতিক পরিকল্পনা, কৃষিনীতি এবং অভিবাসন সংক্রান্ত নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Loading