কম্প্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট (CETA)

সোমালিয়া ওয়েব নিউজ: ভারত ও যুক্তরাজ্যের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক কম্প্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট (CETA)-এর আওতায় মুক্ত বাণিজ্য চুক্তি আজ থেকে কার্যকর হয়েছে। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই কর্মসূচির অংশ হিসেবে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখান থেকে আজ আনুষ্ঠানিকভাবে সোনার গয়না, পানপাতা, কফি ও চায়ের প্রথম রপ্তানি চালান যুক্তরাজ্যের উদ্দেশে পাঠানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায় বলেন, আজকের দিনটি অত্যন্ত ঐতিহাসিক। এটি পূর্ব ভারতের অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করল। তিনি আরও বলেন, ভারত-যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি ‘বিকশিত ভারত’ এবং ‘বিকশিত পশ্চিমবঙ্গ’-এর লক্ষ্য অর্জনের পথকে আরও গতিশীল করবে।

অন্যদিকে, ভারতে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ড. অ্যান্ড্রু ফ্লেমিং অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন, CETA এখন বাস্তব রূপ পেয়েছে এবং এই চুক্তি সমগ্র বিশ্বের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।

ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (DGFT), জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (GJEPC), কাস্টমস কর্তৃপক্ষ এবং অন্যান্য অংশীদারদের যৌথ উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ডিজিএফটি, টি বোর্ড অব ইন্ডিয়া, কফি বোর্ডসহ বিভিন্ন সংস্থার পদস্থ আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Loading