September 18, 2026

দক্ষ মানবসম্পদ গড়তে ‘টি টেস্টিং’ প্রশিক্ষণ শুরু করল টি বোর্ড

সোমালিয়া ওয়েব নিউজ: দেশের চা শিল্পে দক্ষ মানবসম্পদ তৈরি এবং আন্তর্জাতিক বাজারে ভারতীয় চায়ের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করতে ‘টি টেস্টিং’-এর উপর বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করল ভারতীয় চা পর্ষদ। দার্জিলিং টি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (DTRDC)-এ আয়োজিত অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করেন টি বোর্ডের উপ-চেয়ারম্যান সি. মুরুগন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, তরুণ প্রজন্মের মধ্যে চা সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞান ও আগ্রহ বৃদ্ধি এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তাঁর মতে, প্রশিক্ষিত মানবসম্পদ গড়ে উঠলে ভারতীয় চায়ের গুণমান ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আরও বাড়বে।

টি বোর্ড সূত্রে জানা গিয়েছে, কৃষি দক্ষতা পরিষদ (Agriculture Skill Council of India)-এর সহযোগিতায় এই পাঠ্যক্রম তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রকের অধীন জাতীয় দক্ষতা প্রশিক্ষণ ও বৃত্তিমূলক শিক্ষা পরিষদের অনুমোদিত এই কোর্সগুলি জাতীয় শিক্ষানীতি ২০২০ এবং জাতীয় দক্ষতা যোগ্যতা কাঠামো (NSQF)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে গড়ে তোলা হয়েছে। বাণিজ্য মন্ত্রক, দক্ষতা উন্নয়ন মন্ত্রক, চা শিল্পের বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট পেশাদারদের নিয়ে গঠিত একটি কমিটি ৬০ ঘণ্টা ও ২১০ ঘণ্টার দুটি পৃথক কোর্সের পাঠ্যক্রম প্রণয়ন করেছে।

এই প্রশিক্ষণে শ্রেণিকক্ষের পাঠের পাশাপাশি হাতে-কলমে শিক্ষারও ব্যবস্থা থাকবে। প্রশিক্ষণার্থীরা চা চাষ, উৎপাদন প্রক্রিয়া, পেশাদার চা স্বাদগ্রহণ, সংবেদনভিত্তিক মূল্যায়ন, চায়ের গ্রেড নির্ধারণ, ব্লেন্ডিং, পরিবেশন পদ্ধতি এবং শিল্পক্ষেত্রের আধুনিক অনুশীলন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন।

অনুষ্ঠানে টি বোর্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় দফতরের এক্সিকিউটিভ ডিরেক্টর অরুণিতা ফুকন যাদব-সহ চা শিল্পের বিভিন্ন প্রতিনিধি ও আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Loading