September 19, 2026

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ১২২তম জন্মবার্ষিকী পালিত

সোমালিয়া ওয়েব নিউজ: কিংবদন্তি বেতার ব্যক্তিত্ব বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ১২২তম জন্মবার্ষিকী আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। এই উপলক্ষে সকালে উত্তর কলকাতার রামধন মিত্র লেনে তাঁর বাসভবনে এক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।

গত শতাব্দীর তিনের দশকের শুরু থেকে দীর্ঘদিন কলকাতা বেতারের সঙ্গে যুক্ত ছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। তাঁর গ্রন্থনা ও কণ্ঠে পরিবেশিত ‘মহিষাসুরমর্দিনী’ আজও বাঙালির শারদীয় আবেগের অবিচ্ছেদ্য অংশ। শ্রোতাদের বিচারে এটি ভারতীয় বেতারের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে স্বীকৃত। এক স্মৃতিচারণায় তিনি লিখেছিলেন, “শুধু ভারতবর্ষে নয়, ভারতের বাইরেও বাঙালি সমাজ এই অনুষ্ঠান শুনে বাংলার শারদঋতু ও বিরাট উৎসবের স্পর্শ পেয়েছেন।”

রেডিও-জীবনে নাটকে অভিনয় ও প্রযোজনা, ক্রীড়া ধারাভাষ্য এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান উপস্থাপনায় অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি। সাহিত্যজগতেও ‘বিরূপাক্ষ’ ছদ্মনামে তিনি সুপরিচিত ছিলেন।

জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন তাঁর পুত্রবধূ সুস্মিতা ভদ্র-সহ পরিবারের সদস্য, মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং বিশিষ্টজনেরা। মন্ত্রী অগ্নিমিত্রা পাল পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বক্তারা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কর্মজীবন, বাংলা বেতার জগতে তাঁর অসামান্য অবদান এবং নতুন প্রজন্মের কাছে তাঁর উত্তরাধিকার তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

Loading