September 14, 2026

প্রবীণ ক্রীড়াবিদদের মাসিক সাম্মানিক, এককালীন পুরস্কারও রাজ্যের

সোমালিয়া ওয়েব নিউজ: আন্তর্জাতিক ও জাতীয় স্তরে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করা প্রাক্তন ক্রীড়াবিদদের মাসিক সাম্মানিক দেওয়ার উদ্যোগ নিল রাজ্য সরকার। কলকাতায় সোমবার এক সাংবাদিক বৈঠকে এ কথা জানান ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইন্দ্রনীল খাঁ।

মন্ত্রী জানান, ‘মুখ্যমন্ত্রী কৃতি ক্রীড়াবিদ সম্মান যোজনা’র মাধ্যমে রাজ্যের প্রবীণ ও প্রাক্তন ক্রীড়াবিদদের আর্থিক সহযোগিতা করে তাঁদের পাশে দাঁড়াতে চায় নতুন সরকার। আন্তর্জাতিক ও জাতীয় স্তরে সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের সম্মান জানানো এবং তাঁদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

ইন্দ্রনীল খাঁ জানান, অলিম্পিক, এশিয়ান গেমস কিংবা জাতীয় স্তরের প্রতিযোগিতায় সোনা, রুপো বা ব্রোঞ্জ পদকজয়ী ক্রীড়াবিদদের এককালীন সাম্মানিক দেওয়া হবে। সাফল্যের স্তর অনুযায়ী এই অর্থের পরিমাণ ২৫ লক্ষ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত হবে বলে জানান মন্ত্রী।

এর পাশাপাশি, আন্তর্জাতিক ও জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করা রাজ্যের প্রবীণ খেলোয়াড়দের জন্য মাসিক সাম্মানিক চালুর কথাও জানানো হয়েছে। দীর্ঘদিন ক্রীড়াক্ষেত্রে দেশের ও রাজ্যের প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদের সম্মান ও আর্থিক সহায়তার আওতায় আনতেই এই উদ্যোগ বলে জানান মন্ত্রী।

Loading