September 14, 2026

দুর্গাপুজোয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, সর্বোচ্চ চাহিদা ১২ হাজার মেগাওয়াট

সোমালিয়া ওয়েব নিউজ: আসন্ন দুর্গাপুজোয় রাজ্যজুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানাল রাজ্যের বিদ্যুৎ দপ্তর। সোমবার বিধাননগরের বিদ্যুৎ ভবনে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ।

বৈঠকে Coal India Limited, Eastern Railway, South Eastern Railway, Power Grid Corporation of India Limited (PGCIL), West Bengal State Electricity Transmission Company Limited (WBSETCL), West Bengal State Electricity Distribution Company Limited (WBSEDCL), CESC এবং IPCL-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, এ বছর WBSEDCL-এর এলাকায় সর্বজনীন দুর্গাপুজোর সংখ্যা আরও বাড়বে। ফলে অস্থায়ী বিদ্যুৎ সংযোগের আবেদনের সংখ্যাও গতবারের তুলনায় প্রায় তিন হাজার বেড়ে ৬০ হাজার ছাড়িয়ে যেতে পারে। এর জেরে পুজোর সময়ে রাজ্যে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় ১২ হাজার মেগাওয়াটে পৌঁছতে পারে বলে জানান তিনি।

বিদ্যুৎ সরবরাহে কোনও ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত পরিস্থিতি মোকাবিলার জন্য প্রায় সাড়ে তিন হাজার মোবাইল ভ্যান প্রস্তুত রাখা হচ্ছে। পাশাপাশি, বিদ্যুৎ ভবনে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু থাকবে। বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে কন্ট্রোল রুমের নম্বর ৮৯০০৭৯৩৫০৩ / ৮৯০০৭৯৫০৪

এছাড়াও WBSEDCL-এর গ্রাহকরা বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত অভিযোগের জন্য টোল-ফ্রি নম্বর ১৯১২১-এ যোগাযোগ করতে পারবেন।

CESC এলাকার গ্রাহকদের জন্য ৯৮৩১০৭৯৬৬৬ / ৯৮৩১০৮৩৭০০ নম্বর এবং CESC-এর টোল-ফ্রি নম্বর ১৯১২ চালু থাকবে। অন্যদিকে, IPCL-এর অধীনস্থ এলাকার গ্রাহকরা ১৮০০-১০২৩-৭৮৩ এবং ১৯১২৩ নম্বরে ফোন করে ২৪ ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন বলে বিদ্যুৎ দপ্তর সূত্রে জানানো হয়েছে।

Loading