September 28, 2026

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে, তবু অক্টোবর-নভেম্বরে বাড়তি সতর্কতার নির্দেশ

সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও আত্মতুষ্টির কোনও সুযোগ নেই বলে স্পষ্ট বার্তা দিল রাজ্য সরকার। আগামী অক্টোবর ও নভেম্বর মাসকে ডেঙ্গুর দিক থেকে ‘হাই-রিস্ক’ সময় হিসেবে চিহ্নিত করে সমস্ত জেলাকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নে আজ মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালের নেতৃত্বে রাজ্যের সমস্ত জেলাশাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ডেঙ্গু মোকাবিলায় নজরদারি আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়। বৈঠকে জেলার পরিস্থিতির উপর নিয়মিত নজরদারি, মশার প্রজননস্থল চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং আক্রান্ত এলাকায় প্রয়োজনীয় প্রতিরোধমূলক পদক্ষেপ আরও জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও বর্ষা-পরবর্তী সময়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা থাকায় আগাম প্রস্তুতিতে কোনও ঘাটতি রাখা যাবে না। জেলাশাসকদের পাশাপাশি সংশ্লিষ্ট পুরসভা ও স্থানীয় প্রশাসনকেও সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য, অক্টোবর ও নভেম্বরের ঝুঁকিপূর্ণ সময়ে ডেঙ্গুর সংক্রমণ যাতে কোনওভাবেই বড় আকার না নেয়, তা নিশ্চিত করতে শুরু থেকেই নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা কার্যকর রাখা।

Loading