November 1, 2026

চামড়া, কাঠ আর নিপুণ হাতের ছোঁয়া! সুরের আড়ালে কারিগরদের জীবনসংগ্রাম

সোমালিয়া ওয়েব নিউজ: একটা ঢাকের আওয়াজেই যেন বদলে যায় চারপাশের পরিবেশ! খোলের তালে জমে ওঠে কীর্তনের আসর, ঢোলের ছন্দে প্রাণ পায় লোকউৎসব, আর তবলার বোলে মুগ্ধ হন সংগীতপ্রেমীরা। কিন্তু এই বাদ্যযন্ত্রগুলির সুরের পেছনে লুকিয়ে রয়েছে এক বিশেষ শিল্প, এক দীর্ঘ সাধনা, আর কিছু মানুষের নিরলস পরিশ্রম। তাঁরা হলেন চর্মবাদ্য নির্মাতা। যাঁদের হাতের ছোঁয়ায় চামড়া, কাঠ আর দড়ির সমন্বয়ে তৈরি হয় সংগীতের সঙ্গী। অথচ তাঁদের জীবন ও জীবিকার গল্প অনেক সময়ই থেকে যায় পর্দার আড়ালে। এই শিল্পেরই এক কারিগর হুগলি জেলার গোঘাটের গোবিন্দপুরের রমেশ দাস। দীর্ঘ ৩৫ বছর ধরে তিনি যুক্ত রয়েছেন বাদ্যযন্ত্র তৈরির কাজে। ছোটবেলায় বাবার কাছ থেকে শেখা, তারপর অভিজ্ঞতার খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই শিল্পকে আরও ভালোভাবে রপ্ত করা—এভাবেই গড়ে উঠেছে তাঁর দীর্ঘ কর্মজীবন। একটি বাদ্যযন্ত্র তৈরি করতে প্রয়োজন শুধু হাতের দক্ষতা নয়, চাই অভিজ্ঞতা, ধৈর্য এবং সূক্ষ্ম বিচারবোধ। চামড়া কীভাবে প্রস্তুত করতে হয়, কতটা টান দিয়ে বাঁধতে হয়, কোন মাপে তৈরি করতে হয় কাঠামো—সবকিছুর মধ্যেই লুকিয়ে রয়েছে বহু বছরের শিক্ষা। আর শুধু বাদ্যযন্ত্র তৈরি করলেই তো হয় না.. তার আওয়াজ হতে হবে সঠিক, সুর হতে হবে ভারসাম্যপূর্ণ। তবলার বিশেষ প্রলেপ থেকে শুরু করে ঢাক, ঢোল কিংবা খোলের চামড়া বাঁধার কৌশল প্রতিটি ক্ষেত্রেই রয়েছে আলাদা কারিগরি বিদ্যা।

কিন্তু এই শিল্পের বাজারদর নির্ধারিত হয় কীভাবে? একটি বাদ্যযন্ত্রের দাম কি শুধু তার আকারের উপর নির্ভর করে, নাকি উপকরণের মান ও নির্মাণকৌশলও গুরুত্বপূর্ণ? ক্রেতারা কীভাবে বুঝবেন কোন বাদ্যযন্ত্র ভালো? আর তবলার ‘গাব’ তৈরির পিছনেই বা রয়েছে কোন বিশেষ কৌশল? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতেই আমরা পৌঁছে গিয়েছিলাম শিল্পী রমেশ দাসের কাছে। তবে এই পেশা শুধু শিল্পচর্চা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে জীবিকার লড়াইও। কাঁচামালের খরচ, বাজারের চাহিদা এবং বিক্রির সুযোগ সবকিছুর সঙ্গে তাল মিলিয়েই এগিয়ে যেতে হয় কারিগরদের। তবুও থেমে নেই তাঁদের কাজ। সবচেয়ে আশার কথা, রমেশ দাসের ছেলে ইতিমধ্যেই বাবার কাছ থেকে শিখছেন এই শিল্পের নানা খুঁটিনাটি। অভিজ্ঞতার হাত ধরে নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাচ্ছে ঐতিহ্যবাহী এই কারিগরি বিদ্যা। যে বাদ্যযন্ত্রের তালে আমরা উৎসবে মেতে উঠি, যে সুরে খুঁজে পাই আনন্দ আর আবেগ, সেই বাদ্যযন্ত্রের পিছনে থাকা মানুষগুলির কথাও জানা জরুরি।তাল-লয়ের এই কারিগরদের জীবন, তাঁদের শিল্পকৌশল এবং বাদ্যযন্ত্র তৈরির অজানা দিকগুলি নিয়ে এবার শুনুন চর্মবাদ্য নির্মাতা রমেশ দাসের বিশেষ সাক্ষাৎকার।

Loading