November 27, 2026

তিন বছর ধরে অসমাপ্ত জলপ্রকল্প! ১৬ লক্ষ টাকার বিল বকেয়ার অভিযোগ, আগাছায় ঢেকেছে ট্যাংকের চত্বর, কবে মিলবে পানীয় জল?

সোমালিয়া ওয়েব নিউজ: প্রতিশ্রুতি ছিল বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার। কিন্তু প্রায় তিন বছর পেরিয়ে গেলেও শেষ হল না জলপ্রকল্পের কাজ। কংক্রিটের ট্যাংক তৈরি হয়েও পড়ে রয়েছে পরিত্যক্ত অবস্থায়। কোথাও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বালি, স্টোনচিপ ও পাইপ, কোথাও আবার ট্যাংকের নীচে তৈরি হয়েছে আগাছা ও জঙ্গলের আস্তানা। ফলে প্রশ্ন উঠছে, কবে শেষ হবে কাজ? কবে চালু হবে জলপ্রকল্প?

গোঘাটের ভাদুরের সেঁকাটি সুবল আশা স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দেখা গেল এমনই এক ছবি। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, প্রায় তিন বছর ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে এই জলপ্রকল্পের কাজ। কংক্রিটের জলাধার তৈরি হলেও এখনও সম্পূর্ণ হয়নি প্রকল্পের বাকি কাজ। এমনকী জল সরবরাহের জন্য পাইপলাইনের সংযোগও তৈরি হয়নি।

সূত্র মারফত খবর, এই প্রকল্পের প্রায় ১৬ লক্ষ টাকার বিল বকেয়া রয়েছে। ঠিকাদার দীর্ঘ আড়াই বছর ধরে কোনওরকম পেমেন্ট না পাওয়ায় কাজ বন্ধ রেখেছেন বলে জানা যাচ্ছে। যদিও এই বিল বকেয়া থাকার কারণ নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। এলাকার একাংশের অভিযোগ, কাজের গুণমান নিয়ে অসন্তোষ থাকায় হয়তো আটকে রয়েছে পেমেন্ট। তবে তাঁরা সরাসরি ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। বিভিন্ন এলাকায় জলপ্রকল্পের পাইপলাইন ও ট্যাংকের কাজের গুণমান খতিয়ে দেখার দাবিও উঠেছে।

এলাকার বাসিন্দা তারাপদ বাগ জানান, দীর্ঘদিন ধরে এই জলাধার অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। চারদিকে ছড়িয়ে রয়েছে স্টোনচিপ, বালি ও পাইপ। মাঝেমধ্যে সেগুলি চুরিও হচ্ছে। তাই এলাকার বাসিন্দারাই নিজেদের উদ্যোগে সেগুলি দেখভাল করছেন। অন্যদিকে, জলাধারের নীচে জন্মেছে আগাছা, তৈরি হয়েছে বড় বড় জঙ্গল। এভাবে পড়ে থাকলে ধীরে ধীরে সমস্ত নির্মাণসামগ্রী নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

বাসিন্দা সুব্রত মালিকের বক্তব্যেও উঠে এসেছে ঠিকাদারের পেমেন্ট না পাওয়ার বিষয়টি। অন্যদিকে, গুরুপদ মালিক জানিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আবারও প্রশাসনের দ্বারস্থ হবেন তাঁরা।

সবচেয়ে বড় কথা, এই জলপ্রকল্প চালু হলে আশপাশের একাধিক গ্রামের মানুষ পানীয় জলের পরিষেবা পেতে পারেন। অথচ যে প্রকল্প মানুষের জলের সমস্যা মেটানোর কথা, সেই প্রকল্পই আজ নিজেই যেন সমস্যার জলে আটকে রয়েছে!

প্রশ্ন উঠছে, সত্যিই কি ঠিকাদারের বিল বকেয়া থাকার কারণেই কাজ বন্ধ, নাকি প্রকল্পের কাজের গুণমান নিয়ে রয়েছে অন্য কোনও জটিলতা? প্রায় তিন বছর ধরে কেন অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে এই প্রকল্প? কবে শুরু হবে বাকি কাজ? আর কবে এলাকার মানুষ পাবেন প্রতিশ্রুত পানীয় জল?

উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ, তৈরি হয়েছে কংক্রিটের জলাধার, অথচ মানুষের বাড়িতে পৌঁছয়নি জল। তাহলে এই প্রকল্পের ভবিষ্যৎ কী? প্রশাসনের কাছে এখন এলাকার বাসিন্দাদের একটাই দাবি—অভিযোগের নিরপেক্ষ তদন্ত হোক, বকেয়া সমস্যার সমাধান করে দ্রুত শেষ করা হোক জলপ্রকল্পের কাজ। আর প্রতিশ্রুতি নয়, এবার তাঁরা চান পানীয় জল।

Loading