সোমালিয়া সংবাদ, আরামবাগ: দু’বছরের করোনা আতঙ্ক কাটিয়ে বৃহস্পতিবার বাংলা বছরের শেষ দিনে সারা রাজ্যের সঙ্গে আরামবাগ মহকুমার মানুষও গাজন উৎসব মেতে উঠলেন। এই মহাকুমার সবচেয়ে বড় অনুষ্ঠান আরামবাগের বেঙ্গা ও বাতানলে হয়। এখানের মূল আকর্ষণ শরীরের বিভিন্ন অংশে বান ফোঁড়া ও সন্ন্যাসীদের ক্রুশবিদ্ধ রূপ। আরামবাগের কাঁচগোড়িয়া গ্রামেও মহাসমারোহে গাজন পালিত হয়। মইগ্রামে অনেক মহিলাও সক্রিয়ভাবে অনুষ্ঠানে অংশ নেন। এখানের অন্যতম আকর্ষণ ধারালো পেরেক এবং কাত্যানের উপর শুয়ে সন্নাসীদের শোভাযাত্রা। গোঘাটের প্রায় প্রতিটি অঞ্চলেই গাজন পালিত হয়। ভাদুর গ্রাম পঞ্চায়েতের কুলকি, চাতরা ও মির্গার গাজনের প্রতি সাধারণ মানুষের আকর্ষণ বেশি। এখানে সন্ন্যাসী ও সাধারণ মানুষ সকালে ও বিকালে নানান প্রথা পালন করে নৃত্য করেন। যদিও কুলকী ও চাতরা ‘বাসি চড়ক’-এর জন্যই বিখ্যাত। চাতরার চড়ক বহু পুরানো। অনেক লোকগ্রন্থেও এই চড়কের নাম উল্লেখ আছে। তবে কুলকীর চড়কটি ২নং রাজ্য সড়কের একেবারেই পাশে হওয়ায় এর জনপ্রিয়তা অনেক বেশি। কুলকী, চাতরা ও মির্গা এই তিন গ্রামের সন্ন্যাসীদের পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের রীতি দীর্ঘদিন ধরেই চলে আসছে। গাজন উৎসব শুরুর আগের দিন তিন গ্রামের মধ্যবর্তী মাঠের মধ্যে তিন গ্রামের সন্ন্যাসীরা উপস্থিত হয়ে আলিঙ্গনে মেতে ওঠেন। অন্যদিকে খানাকুলের ঘন্টেশ্বরের গাজনও এলাকা ছাড়িয়ে বাইরেও খ্যাতি লাভ করেছে। পূণ্যলাভের জন্য জলে ঝাঁপ দিতে এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে।
![]()

More Stories
বেঙ্গাই মোড়ের দুই পতাকা: রাজনীতির নীরব বার্তা, নাকি অবহেলার প্রতীক?
রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল বেঙ্গাই অঘোরকামিনী চন্দ্র প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের যাত্রী প্রতীক্ষালয়, সংস্কারের দাবি ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরামবাগ থানায় লিখিত অভিযোগ