সোমালিয়া সংবাদ, কলকাতা: ইতিহাস বলে কাদম্বিনী হলেন ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েট। তিনি এ দেশ তথা দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা প্রাক্টিসিং চিকিৎসক। কিন্তু সেই মহীয়সী মহিলা কাদম্বিনী বসুর বাড়ি আজ জরাজীর্ণ। কালের হিসেবে বট, অশ্বত্থ শিকড় বিস্তার করেছে সেই বাড়িতে। কলকাতায় কাদম্বিনী যে বাড়িতে সপরিবারে থাকতেন, সেই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। সেখানে তৈরি হবে বহুতল। যে সময়ে মেয়েদের পড়াশোনার কথা কেউ ভাবতেও পারত না, সেই সময়ে তিনি চিকিৎসক হয়ে প্রাইভেট প্র্যাকটিস করেছেন। রাত বিরেতে ফিরতেন ঘোড়ার গাড়ি চড়ে। রোগী দেখতে যেতেন ঘোড়ার গাড়ি করে। তিনি কাদম্বিনী বসু। বিয়ের পর গাঙ্গুলি। কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম ছাত্রী। দেশ তথা দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা প্রাক্টিসিং চিকিৎসক। কিন্তু দেশের প্রথম মহিলা চিকিৎসকের বাড়িটি আজ শুধু অবহেলিত নয়, তার অস্বিত্বও বিপন্ন। ১৩ এ বিধান সরণি। অতীতের কর্নওয়ালিস স্ট্রিট। এই ঠিকানাতেই এক সময়ে বসবাস করতেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায় (১৮৬১-১৯২৩)। দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় পক্ষের স্ত্রী। অনেকের মতে, সেইসময়ের প্রথম ‘লাভ ম্যারেজ’। তিনি আর কাদম্বিনী থাকতেন তিনতলায়। কাদম্বিনীরই বয়সী দ্বারকানাথের মেয়ে বিধুমুখীর বিয়ে হয়েছিল উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সঙ্গে। তিনিও ওই বাড়িরই দোতলায় থাকতেন। এই বাড়িতেই জন্মেছেন উপেন্দ্রকিশোরের ছয় সন্তানের মধ্যে পাঁচজন। সুকুমার রায়ও। এই রকম এক ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক বাড়ি নাকি ভেঙে বহুতল তৈরি হবে। তাই এলাকার শুভবুদ্ধিসম্পন্ন মানুষের দাবি, সরকারিভাবে এই বাড়ি সংরক্ষণ করা হোক।
![]()

More Stories
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু’দিনের পশ্চিমবঙ্গ সফর, ৮২০ কোটি টাকার উন্নয়ন প্যাকেজ ঘোষণা
দীঘার জগন্নাথ মন্দিরে দর্শনের সময়সূচিতে পরিবর্তন, বিকেলে এক ঘণ্টা দেরিতে খুলবে মন্দির
আগামী ৩-৪ দিন রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা