সোমালিয়া সংবাদ, আরামবাগ: বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে ‘মিম’ খুবই জনপ্রিয়। যখনই কোন কিছু ঘটনা নিয়ে আলোড়ন তৈরি হয় তখনই সেই ঘটনা নিয়ে একের পর এক মিম আছড়ে পড়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। পক্ষে-বিপক্ষে মতামতের ঝড় ওঠে। সম্প্রতি উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফেল করা ছাত্র-ছাত্রীদের পাস করানোর দাবিতে আন্দোলন ঘিরে হাজার হাজার মিম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ‘আমব্রেলা’ তো এখন সকলের মুখে মুখে ঘুরছে। আর ঠিক সেই সময়েই প্রাথমিকের টেট দুর্নীতি নিয়ে তৈরি হয়েছে অসংখ্য মিম। এই মিমগুলির সত্য-মিথ্যা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। কিন্তু তার হাস্যরসাত্মক আবেদন এবং জনপ্রিয়তা কখনও অস্বীকার করা যাচ্ছে না। এমনই একটি মিম হল: ‘দক্ষিণ দিনাজপুরের লিস্টটা আমার খুব দরকার। আমার গার্লফ্রেন্ডকে ওর বাবা জোর করে মাস্টারের সঙ্গে বিয়ে দিয়েছে। ওর চাকরিটা গেল কিনা দেখতে হবে।’ এই মিম তো এখন ফেসবুক- হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় স্ট্যাটাস হিসেবে ঘুরে বেড়াচ্ছে। এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় মিম এটাই। তবে টেট-দুর্নীতি নিয়ে আরও বেশ কিছু মিম জনপ্রিয় হয়েছে। যেমন: ‘পাত্র কিন্তু সরকারি চাকরি করে না। বেসরকারি কোম্পানিতে চাকরি করে।’ কিংবা ‘আমার ছেলের কিন্তু নিজস্ব ব্যবসা, টাকা দিয়ে জোগাড় করার চাকরি নয়’। এছাড়া আর একটি জনপ্রিয় মিম বিনোদনের পক্ষে বেশ ভাল সাড়া ফেলেছে। পাত্রীপক্ষের বিজ্ঞাপনের ভিত্তিতে তৈরি হয়েছে মিমটি। ‘বিবাহযোগ্য মেয়ের বাবার নতুন দাবি, শুধু সরকারি চাকরি হলেই হবে না, চাকরি হতে হবে বাম আমলের।’
![]()

More Stories
কলকাতার নামকরণে নতুন ভাবনা: কার্তিক মহারাজের নেতৃত্বে ঐতিহ্যের পুনর্মূল্যায়ন
বিস্তারিত পশ্চিমবঙ্গ বাজেট
ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুর ৭৩ বছর: শোক, বিতর্ক ও তদন্তের দাবির স্মৃতিচারণ