February 4, 2026

ভিড় বাড়ছে সিপিআইএমের মিছিলে

 সোমালিয়া সংবাদ, আরামবাগ:  রাজ্যের মধ্যে রাজনৈতিক ভাবে খুবই স্পর্শকাতর জায়গা হল আরামবাগ মহকুমা। বাম আমল থেকেই আরামবাগ পশ্চিমবঙ্গের মধ্যে রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ। বর্তমানে আরামবাগের চারটি বিধানসভাই বিজেপির দখলে। তবে চারটি বিধানসভাতেই শাসক দল তৃণমূল আধিপত্য রাখার চেষ্টা করে চলেছে।

কিন্তু দীর্ঘ দিন তৃণমূলের ব্লক কমিটি গঠিত না হওয়ায় ছন্নছাড়া অবস্থা তৃণমূলের। এই সুযোগটাই কাজে লাগাচ্ছে বিরোধীরা। বিশেষ করে বামপন্থী নেতৃত্ব। একদা বাম দূর্গ নামে পরিচিত আরামবাগ মহকুমার হারানো মাটি ফিরে পাওয়ার চেষ্টা করছে বামপন্থীরা। রাজ্যজুড়ে তৃণমূলের দুর্নীতি ও রাশি রাশি টাকা উদ্ধারের ঘটনায় অনেকটাই ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস। এইরকম এক পরিস্থিতিতে বামপন্থীরা রাজ্যজুড়ে যেসব কর্মসূচি নিয়েছে তাতে সাধারণ জনগণ থেকে শুরু করে বামপন্থী কর্মী-সমর্থক ও নেতারা পা মেলাচ্ছেন।  সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নেতৃত্বে বিভিন্ন জেলা থেকে কর্মসূচি শুরু হয়েছে। পাশাপাশি শিক্ষিত যুব সমাজের কাছে গ্রহণযোগ্য সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি দক্ষতার সঙ্গে আন্দোলন পরিচালনা করছেন। আরামবাগও কিন্তু পিছিয়ে নেই। আরামবাগ মহকুমার বামপন্থী নেতারা ইতিমধ্যেই রাজ্য সরকারের দুর্নীতিকে জনগণের সামনে তুলে ধরে হারানো মাটি ফিরে পেতে পথসভা থেকে মিছিল এবং পঞ্চায়েতে পঞ্চায়েতে ডেপুটেশন দিতে শুরু করেছে। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের দাবি, বিজেপি ও তৃণমূলের ছন্নছাড়া অবস্থার সুযোগকে কাজে লাগাচ্ছে সিপিআইএম। মূলত সিপিআইএম নেতারা জনসংযোগ বাড়ানোর পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করতে ছোট ছোট কর্মসূচি করছেন। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ। এই বিষয়ে আরামবাগের সিপিআইএম নেতা পূর্ণেন্দু চ্যাটার্জী জানান, রাজ্যজুড়ে তৃণমূলের দুর্নীতি চলছে।প্রকল্পের নাম করে টাকা লুট হচ্ছে। তারই প্রতিবাদে নেমেছে সিপিআইএম। পঞ্চায়েতে পঞ্চায়েতে  কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে তৃণমূলের দুর্নীতি তুলে ধরা হচ্ছে। স্বচ্ছ ভাবমূর্তির প্রশাসন গড়ে তুলতে বামপন্থীদের বিকল্প নেই বলে মত প্রকাশ করেন তিনি। বামপন্থীরাই পারে দুর্নীতিমুক্ত সরকার গড়ে তুলতে। অপরদিকে তৃণমূল নেতৃত্বের দাবি, বামপন্থীরা ধোয়া তুলসী পাতা নয়। বহু দুর্নীতি করেছে ৩৪  বছর ধরে। সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সেই জগদ্দল পাথরকে সরিয়ে দিয়েছে তৃণমূল। জনগণের সমর্থনে কর্মযজ্ঞ চলছে সারা বাংলা জুড়ে। তাতেই বিরোধীরা  জ্বলে পুড়ে মরছে। সবমিলিয়ে আরামবাগ মহকুমা সিপিআইএম তথা বামপন্থীরা ক্রমশ মাথাচাড়া দিয়ে উঠছে। ২০২১ সালের বিধানসভায় শূন্য হয়ে গেলেও বামপন্থী নেতারা হতাশ না হয়ে শূন‍্য থেকেই শুরু করছেন বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। আর কর্মী-সমর্থকরা যে অনেকেই এখনও তাঁদের সঙ্গে আছেন গত কয়েকদিন ধরে তাঁদের মিটিং মিছিলে উপস্থিতির হার দেখেই টের পাচ্ছেন সকলে। সেই সঙ্গে নতুন করে আরও অনেকেই তাঁদের সঙ্গে পুনরায় পা মেলাতে যুক্ত হচ্ছেন বলেও খবর মিলছে।

Loading