রাধানগর হোক রামমোহন নগর: বাঘেল

সোমালিয়া সংবাদ, খানাকুল: আরামবাগ মহকুমার চারটি বিধানসভায় বিজেপির বিধায়ক থাকায় স্বাভাবিক ভাবেই সংগঠন ধরে রাখার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে বিজেপির জেলা নেতা থেকে রাজ্য নেতৃত্ব। তাই আরামবাগ মহকুমায়  বারে বারে উচ্চ নেতৃত্বকে আরামবাগ সফরে আনছে তারা। কয়েকদিন আগেই 

ঝটিকা সফরে আরামবাগ মহকুমার পবিত্র ভুমি রাজা রামমোহন রায়ের জন্মভিটা ও কামারপুকুর মঠসহ জেলার বিভিন্ন জায়গা ঘুরে গেলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী সত্যপাল সিং বাঘেল। তিনি রাজা রামমোহন রায়ের জন্মভিটা ঘুরে দেখার পাশাপাশি রাধানগর গ্রামের নাম  পরিবর্তন করে ‘রাজা রামমোহন রায় নগর’ করার দাবি তোলেন। জানা গিয়েছে, বলরাম জয়ন্তী উপলক্ষ্যে  খানাকুলের কৃষ্ণনগরে এসেছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী সত্যপাল সিং বাঘেল, কিষান মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার। সঙ্গে ছিলেন বিজেপি নেতা ভাস্কর ভট্টাচার্য, খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষসহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। তিনি খানাকুলের কৃষ্ণনগরে রাজা রামমোহন রায়ের মূর্তিতে মাল্য দান করেন এবং রাজা রামমোহন রায় লাইব্রেরি ও জন্মভিটার উপর তৈরি রাজা রামমোহন রায় মেমোরিয়াল হল ঘুরে দেখেন।   কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিং বাঘেল বলেন, দেশের সমাজ সংস্কারক, রাষ্ট্রচিন্তক ও দার্শনিক ছিলেন রাজা রামমোহন রায়। সামাজিক কুসংস্কার দূর করার বিষয়ে অগ্রণী ভুমিকা নেন। বিশেষ করে তৎকালীন সময়ে সতীদাহ প্রথা দূূর করার জন্য আন্দোলন করেন এবং সফল হন। তাই রাজ্য সরকারে কাছে আমার অনুরোধ রাধানগরের নাম  রাজা রামমোহন রায় নগর করা হোক। এখন দেখার এই পবিত্র ভূমির নাম পরিবর্তনের বিষয়ে তাঁর দাবি বাস্তবায়িত হয় কিনা।

Loading