February 4, 2026

‘চলো গ্রামে যাই’ কর্মসূচি সারা বাংলা জুড়ে সাড়া ফেলেছে: অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

সোমালিয়া সংবাদ, পুরশুড়া: ‘চলো গ্রামে যাই’ কর্মসূচি সারা বাংলা জুড়ে সাড়া ফেলেছে। মেয়েরা প্রত্যেক বুথে বুথে যাচ্ছে। সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা শুনছে।  মেয়েদের জন্যই এই সাড়া পড়েছে। তারা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই কাজ করছে। শনিবার পুরশুড়াতে পঞ্চায়েতীরাজ সভা ও ‘চলো গ্রামে যাই’ এই জোড়া কর্মসূচিতে এসে এই মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য মহিলা সভানেত্রী তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, যিনি আমাদের মেয়েদের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক সম্মান দিয়েছেন সবচেয়ে বেশি  তিনি হলেন আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি।  এদিন আমরা সেই সমস্ত জিনিসগুলো আলোচনা করে দলের মহিলাদের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছি। এদিন মন্ত্রী এলাকার কয়েকটি বাড়িতে গিয়ে তাঁদের সুবিধা- অসুবিধার কথা শোনেন। এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা রবীন্দ্রনাথ মন্ডল বলেন, আমার মত চাষির বাড়িতে যে একজন এত বড় মন্ত্রী এসে খোঁজখবর নেবেন আমি স্বপ্নেও ভাবতে পারছি না। আমি অভিভূত,  আপ্লুত। তবে আমার দুঃখ তাঁকে ভাল করে আপ্যায়ন করতে পারলাম না। পাশাপাশি তিনি এও বলেন,  কিছুদিন আগেও এলাকায় মাটির রাস্তা হবে সেটাও ভাবিনি। এখন সেখানে কংক্রিটের রাস্তা হয়েছে। আমরা যা পেয়েছি তাতে ভীষণ খুশি। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন মালা রায়, স্মিতা বক্সী, করবী মান্না, অপরূপা পোদ্দার, শিখা দোলুই সহ একাধিক রাজ্য ও জেলা স্তরের মহিলা নেত্রীরা। এছাড়াও ছিলেন হুগলি জেলা সভাধিপতি মেহেবুব রহমান, তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহরায়, দলের আরামবাগ জেলা চেয়ারম্যান জয়দেব জানা সহ তৃণমূলের ব্লক ও অঞ্চল স্তরের অসংখ্য নেতাকর্মী। তবে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল এদিনের কর্মসূচিতে মহিলাদের উপস্থিতি। তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে পুরশুড়ার শ্রীরামপুরের একটি লজে এদিন পঞ্চায়েতীরাজ সভা অনুষ্ঠিত হয়। ওই সভাকক্ষে মহিলাদের তিল ধারনের জায়গা ছিল না। ফলে কয়েকশ মহিলাকে সভাকক্ষের বাইরেই দাঁড়িয়ে ও বসে মন্ত্রির বক্তব্য শুনতে হয়। এ প্রসঙ্গে সাংসদ অপরূপা পোদ্দার বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে মহিলাদের সম্মান দেন তা আর অন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রী দেন না। আর তাই তাঁর নির্দেশে মহিলাদের নেতৃত্বে ‘চলো গ্রামে যাই’ কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে। এদিনের কর্মসূচিতেও দলে দলে মহিলারা নিজে থেকেই  হাজির হয়েছেন। আমরা যা ভেবেছিলাম তার থেকে বহুগুণ মানুষ এদিন উপস্থিত হয়েছেন।  তাই জনজোয়ারের সৃষ্টি হয়েছে। এদিন ভিড় সামলাতে ট্রাফিকের দায়িত্ব নিতে হয় তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান জয়দেব জানাকে তিনি বলেন, শুধুমাত্র মমতা ব্যানার্জি এই একটা নামের যাদুতেই শয়ে শয়ে মহিলা এদিনের কর্মসূচিতে হাজির হয়েছেন এটাই প্রমাণ করে উনি কত বড় জননেত্রী।

Loading