February 4, 2026

প্রেমিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন প্রেমিকের

সোমালিয়া ওয়েব নিউজ: প্রতিদিনের মতো টিউশনে আসার জন্য এক বান্ধবীর সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিল। মাঝ রাস্তার শুনশান জায়গায় ওৎ পেতে ছিল প্রেমিক। সেখানে পৌঁছতেই প্রেমিকার উপর চড়াও হয়ে ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপ। কয়েক মিনিটের মধ্যে রক্তে ভেসে যায় রাস্তা। ছাত্রীর গোঙানিতে আশপাশ থেকে ছুটে আসে লোকজন। সেখান থেকে গা ঢাকা দেয় অভিযুক্ত প্রেমিক। তড়িঘড়ি ছাত্রীকে উদ্ধার করে নিয়ে আসা হয়, করিমপুর গ্রামীণ হাসপাতালে। সেখানের কর্তব্যরত চিকিৎসক ওই ছাত্রী মৃত বলে ঘোষণা করে। কিছুক্ষণের মধ্যেই থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত প্রেমিক। মৃতা ছাত্রীর নাম সোনালী চক্রবর্তী (১৭)। ওই ছাত্রী জামশেদপুর উচ্চ বিদ্যালয় দ্বাদশ শ্রেণির পড়ুয়া ছিল বলে জানা গেছে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই উত্তেজিত গ্রামবাসী অভিযুক্ত যুবকের বাড়িতে চড়াও হয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। পুড়ে ছাই হয়ে যায় অভিযুক্তের বাড়ি।
পুলিশ সূত্রে জানা গেছে, হোগলবেড়িয়া থানা এলাকার সুন্দলপুর মৈত্র পাড়ার যুবক ব্রজেন মণ্ডলের সঙ্গে বছর তিনের ধরে প্রেমের সম্পর্ক ছিল প্রতিবেশী কিশোরী সোনালী চক্রবর্তীর। বছরখানেক আগে থেকে সম্পর্কের অবনতি হয়। ঝামেলা গড়ায় থানা পর্যন্ত, ওই সময় থানায় বসে সালিশির মাধ্যমে মিটমাট হয়ে যায়। তারপর থেকে ওই কিশোরী আর ওই যুবকের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী ছিল না। প্রেমিকা কিশোরীকে ছাড়তে নারাজ অভিযুক্ত প্রেমিক ব্রজেন। বারবার তাকে বোঝানোর চেষ্টা করলেও পাত্তা দিতে রাজি হয়নি প্রেমিকা। এই নিয়ে দীর্ঘদিন থেকে মানসিক অবসাদে ভুগছিল ওই যুবক। তারপরই নিজের হাতে খুন করে ওই যুবক।

Loading