সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে আরামবাগ এসডিপিওর ফেসবুক পেজ। এই পেজে অভিযোগ জানিয়ে বিভিন্ন হারানো জিনিস ফিরে পাচ্ছেন তাঁরা। এই ঘটনায় ভীষণ খুশি আরামবাগবাসী। তাঁরা এর জন্য আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডলকে ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য, ফেসবুকে ‘এসডিপিও আরামবাগ’ নামে একটি পেজ রয়েছে। এই পেজ নিজেই চালান অভিষেকবাবু। গত বছর নভেম্বর মাসে আরামবাগের মায়াপুরের বাসিন্দা মলয় ঘোষের বাইকটি চুরি হয়ে যায়। সঙ্গে সঙ্গেই তিনি ওই ফেসবুক পেজে গিয়ে এসডিপিওর কাছে বাইকটি উদ্ধারের জন্য কাতর আবেদন জানিয়েছিলেন। এসডিপিও-র পরামর্শ মতো তিনি সঙ্গে সঙ্গে আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই আরামবাগ পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে তদন্তে নামা হয়। ওই ঘটনার কয়েক দিনের মধ্যেই আরামবাগ পুলিশ বাইকটি উদ্ধার করে তাঁর হাতে তুলে দেন। এই খবর প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষের কোন কিছু জিনিস চুরি গেলেই থানায় যাওয়ার আগেই এসডিপিও-র ওই ফেসবুক পেজে তাঁরা অভিযোগ জানাচ্ছেন। এরপরে থানার পাশাপাশি এসডিপিও নিজেও এ ব্যাপারে বিশেষ উদ্যোগ গ্রহণ করছেন। যার ফলে কেউ কোন জিনিস হারালেই তাঁরা ওই ফেসবুক পেজে গিয়ে বিষয়টি জানিয়ে দিচ্ছেন। পাশাপাশি নিজ নিজ থানাতেও তাঁরা অভিযোগ দায়ের করছেন। জানা গেছে, ওই অভিযোগ পাওয়ার পরেই আরামবাগ এসডিপিও-র নেতৃত্বে সংশ্লিষ্ট থানার পুলিশ আধিকারিক ও কর্মীরা এবং ক্রাইম ব্রাঞ্চ একসঙ্গে তদন্ত ও তল্লাশি শুরু করছে। তার ফলেই খোয়া যাওয়া জিনিস দ্রুত উদ্ধারের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে। ৮ জানুয়ারি আরামবাগ মিয়াপাড়ার বাসিন্দা হানিফ শেখ তাঁর মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন। একইভাবে তিনি ওই ফেসবুক পেজে জানিয়েছিলেন। আর তার কুড়ি দিনের মাথাতেই ওই ফোনটি পুলিশ উদ্ধার করে ফিরিয়ে দেয়। ১০ ফেব্রুয়ারি আরও চারজন ব্যক্তির হারিয়ে যাওয়া চারটি মোবাইল ফোন একইভাবে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়। সোমবার আরামবাগের কালীপুরের ছাত্রাবাস থেকে শ্যামসুন্দর কর্মকারের চুরি যাওয়া মোবাইল ফোনসহ মোট চার জনের মোবাইল ফোন ফিরিয়ে দিলেন আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল। এ বিষয়ে শ্যামসুন্দর বলেন, চুরি হয়ে যাওয়ার পর ওই ফোন ফেরত পাবার আশা ছেড়ে দিয়েছিলাম। তারপরে যখন জানতে পারলাম ওই ফেসবুক পেজে জানিয়ে অনেকেই হারানো জিনিস ফেরত পাচ্ছেন তখন আমিও সেখানে জানাই। আর সত্যি সত্যি এসডিপিও সাহেব উদ্যোগ নিয়ে যেভাবে আমাদের মোবাইল ফোন ফিরিয়ে দিলেন আমরা তাঁর কাছে চির কৃতজ্ঞ। অন্যদিকে এ বিষয়ে আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল বলেন, সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোই এই পেজের মুখ্য উদ্দেশ্য। তাই অভিযোগ পেলেই আমরা খুব গুরুত্ব সহকারে তদন্ত করে দেখি। এ ক্ষেত্রেও তাই হয়েছে। কোথায় কিভাবে অভিযোগ জানালেন সেটা বড় কথা নয়, আমরা জানতে পারলেই সঙ্গে সঙ্গে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছি।
![]()

More Stories
অত্যাচার, হুমকি পেরিয়ে আজও লড়াই চালিয়ে যাচ্ছি”—আরামবাগে বিজেপির সংখ্যালঘু সেল সভাপতির বক্তব্য
জয়ের নেপথ্যের সংগঠক
১৫ বছর পর গোঘাটের সমবায় সংগঠনের ইউনিয়ন অফিস ফিরে পাচ্ছে সমবায় কর্মচারী সংগঠন