February 5, 2026

ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন আজ দেশজুড়ে সরকারি হাসপাতালগুলিতে কর্মবিরতির ডাক

সোমালিয়া ওয়েব নিউজ: কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অবস্হায় তরুণী পড়ুয়া ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন আজ দেশজুড়ে সরকারি হাসপাতালগুলিতে কর্মবিরতির ডাক দিয়েছে। তবে জরুরী পরিষেবাকে এর আওতার বাইরে রাখা হয়েছে। ঘটনার প্রতিবাদে এবং মেয়েদের সুরক্ষার দাবিতে একাধিক চিকিত্সক ও নাগরিক সংগঠন আজ মিছিলের ডাক দিয়েছে। এদিকে, জুনিয়ার চিকিত্সকদের লাগাতার আন্দেলনের চাপে শেষ পর্যন্ত পদত্যাগ করার কথা ঘোষণা করেছেন আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। যদিও তাঁর পদত্যাগের ঘোষণায় সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। লিখিতভাবে পদত্যাগ এবং কর্তব্যরত অবস্থায় তরুণী পড়ুয়া ডাক্তারের ধর্ষণ ও নৃশংস হত্যার দায় স্বীকারের দাবি জানিয়েছেন তাঁরা। ঐ ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে ক্রমশ জোরালো হচ্ছে জুনিয়ার ডাক্তার, ইন্টার্ন ও স্বাস্থ্য কর্মীদের আন্দোলন। অন্যদিকে আজ আর জি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় নিহত চিকিত্সকের সোদপুরের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আর জি কর কান্ডের প্রতিবাদে মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে প্রতিবাদ মিছিল ও শোক সভার আয়োজন করা হয়। আউটডোর বিভাগ বন্ধ হওয়ার পর হাসপাতালের চিকিৎসক, নার্স স্বাস্থ্যকর্মী সহ সমস্ত কর্মীরা ওই প্রতিবাদ কর্মসূচিতে শামিল হন। জরুরী পরিষেবা বাদে সমস্ত আউটডোর পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদে হাসপাতালের গেটের মুখে অবস্থান বিক্ষোভ করেন জুনিয়র ডাক্তার থেকে শুরু করে পড়ুয়ারা।দূর দুরন্ত থেকে চিকিৎসা করাতে এসে সাধারণ মানুষ আউটডোর পরিষেবা বন্ধ থাকায় অসুবিধার মধ্যে পড়েছেন। প্রকৃত দোষীদের গ্রেফতার সহ কাজের জায়গায় নিরাপত্তার দাবীতে আজ বেলা সাড়ে দশটা থেকে অবস্থান বিক্ষোভ শুরু ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসক, ডাক্তারি ও নার্সিং পড়ুয়ারা। অবস্থানের পাশাপাশি বিক্ষোভকারীরা হাসপাতাল চত্বরে প্রতিবাদ মিছিল করেন। বন্ধ ওপিডি সহ বেশ কিছু বিভাগ। তবে রোগীদের কথা মাথায় রেখে জরুরী পরিষেবা চালু আছে। আর.জি.কর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের এমার্জেন্সি গেটের সামনে জুনিয়র ডাক্তার ও ছাত্রদের বিক্ষোভ।

Loading