September 22, 2026

ভারতী বাংলার কীর্তনকে ধ্রুপদী সংগীতের স্বীকৃতি দেওয়ার দাবি

সোমালিয়া ওয়েব নিউজ: সংস্কার ভারতী বাংলার কীর্তনকে ধ্রুপদী সংগীতের স্বীকৃতি দেওয়ার দাবি জানাবে। কলকাতায় আজ সংগঠনের ৩৭তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত বক্তারা জানিয়েছেন,কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত কীর্তনকে ধ্রুপদী সংগীত হিসেবে স্বীকৃত দেয় নি। বাংলার নিজস্ব শাস্ত্রীয় সংগীত কীর্তন শুধুমাত্র অবহেলিত হয়েছে। বিভিন্ন রাজ্যের সরকার নিজস্ব প্রাদেশিক সংস্কৃতির ধ্রুপদী মর্যাদার জন্য কেন্দ্রের কাছে দাবি জানায়। তার ভিত্তিতে কেন্দ্র সেবিষয়ে পদক্ষেপ নেয়। তবে দুর্ভাগ্যজনকভাবে বাংলার কোন সরকারই কোনদিন সেই দাবি তোলেনি। ফলে রাজ্যের কীর্তন শিল্পীরা বঞ্চিত হচ্ছে। তাই অখিল ভারতীয় সংস্কৃতিক প্রতিষ্ঠান সংস্কার ভারতী কীর্তনকে ধ্রুপদী সংগীতের স্বীকৃতি দিতে তদবির করবে। বৈঠকে দক্ষিণবঙ্গের ১৪টি জেলার প্রায় ৭০জন শিল্পী উপস্থিত ছিলেন। পাশাপাশি আজকের সভায় গৌড়ীয় নৃত্যকে শাস্ত্রীয় নৃত্যের স্বীকৃতি প্রদানের দাবি জানানোরও প্রস্তাব গ্রহণ করা হয়েছে। সংস্কার ভারতীর দক্ষিণ বঙ্গ শাখার সাধারণ সম্পাদক তিলক সেনগুপ্ত জানিয়েছেন আগামীদিনে তাদের সংস্থা কীর্তন সম্মেলনের উদ্যোগ নেবে।

Loading