সোমালিয়া ওয়েব নিউজঃ রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর শেষ জন্মোৎসবের জন্য “পঁচিশে বৈশাখ” কবিতাটির শেষ স্তবক পুনর্লিখন করেন ২৩ বৈশাখ, ১৩৪৮ (৬ মে, ১৯৪১) সালে, যখন তাঁর বয়স ছিল ৮০ বছর। এই গানটি ছিল কবির শেষ গান।
শান্তিদেব ঘোষ, রবীন্দ্রসংগীত, বিশ্বভারতী গ্রন্থনবিভাগ, জ্যৈষ্ঠ ১৩৭৮-এ লিখেছেন:
১৩৪৮ সালের ২৫শে বৈশাখে গুরুদেবের জন্মোৎসব উপলক্ষে যখন সমগ্র বাংলাদেশ মেতে উঠেছিল, আমি শান্তিনিকেতনে ফিরে এসে গুরুদেবের সঙ্গে দেখা করি। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, “পঁচিশে বৈশাখের দিন এখানে কী হবে?” কথোপকথনে বুঝলাম, তিনি চান যে, এই জন্মদিন উপলক্ষে নৃত্যগীত ইত্যাদির আয়োজন হোক।
একদিন সন্ধ্যায়, আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, “উৎসবের সময় ‘আবার যদি ইচ্ছা কর’ গানটি কি গাইব?” তিনি তাঁর জন্মদিনের গানের কথা শুনে বললেন, “তুই বেছে নে, আমার জন্মদিনের গান আমি বেছে দেব কেন?”
এরপর কিছু সময় নীরব থেকে, তিনি ‘সার্থক জনম আমার’ গানটি আবেগপূর্ণভাবে গেয়ে উঠলেন। বুঝলাম, দেশের প্রতি তাঁর ভালোবাসা কোনোদিন কমবে না, যদিও দেশ তখনো তাঁকে পুরোপুরি বুঝতে পারেনি।
পরের দিন সকালে, আমি তাঁর কাছে গিয়ে বললাম, “আপনি নিজের জন্মদিন উপলক্ষে কবিতা লিখেছেন, বক্তৃতা দিয়েছেন, অথচ একটা গান রচনা করেননি—এটা ঠিক মনে হয় না। এবারের পঁচিশে বৈশাখে পুরো দেশ আপনার জন্মোৎসব করবে, এই দিন উপলক্ষে একটা গান রচনা না হলে অনুষ্ঠান অসম্পূর্ণ হবে।”
তিনি শুনে বললেন, “তুই আবার এক অদ্ভুত ফরমাশ এনে হাজির করলি। আমি নিজে নিজের জন্মদিনের গান রচনা করব, লোকে আমাকে বলবে কি? দেশের লোক এত নির্বোধ নয়, তারা ঠিক ধরতে পারবে যে, আমি নিজেকে প্রচার করছি।”
আমি বললাম, “আপনি থাকতে থাকতে অন্যদের কাছে চাইবার কী প্রয়োজন? যখন জন্মদিনের কবিতা লিখেছিলেন, তখন কি কেউ আপনাকে দোষী করেছিল?” তিনি রাজী হয়ে, তাঁর জন্মদিনের কবিতাগুলি খুঁজে আনতে বললেন। ‘পঁচিশে বৈশাখ’ কবিতাটির ‘হে নূতন দেখা দিক আর-বার’ অংশটি একটু অদলবদল করে সুর যোজনা করলেন।
পরের দিন সকালে, গানটি আমার গলায় শুনে তিনি বললেন, “হাঁ, এবার হয়েছে।” সেদিন একথা মনে হয়নি যে, এটি তাঁর জীবনের সর্বশেষ গান হবে।
গানটি:
হে নূতন,
দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ॥
তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদঘাটন,
সূর্যের মতন।
রিক্ততার বক্ষ ভেদি, আপনারে করো উন্মোচন।
ব্যক্ত হোক জীবনের জয়,
ব্যক্ত হোক তোমামাঝে অসীমের চিরবিস্ময়।
উদয়দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্তমাঝে
চিরনূতনেরে দিল ডাক।
পঁচিশে বৈশাখ॥
![]()

More Stories
ধর্ম পরিবর্তন করলেই হারাতে হবে তফসিলি জাতির মর্যাদা, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে শোরগোল দেশজুড়ে
আজ মাস্টারদা সূর্য সেনের জন্মদিন : মহান স্বাধীনতা সংগ্রামীর জীবন ও সংগ্রাম
আন্তর্জাতিক অরণ্য দিবসে অরণ্য রক্ষায় শপথ নেওয়ার আহ্বান