সোমালিয়া ওয়েব নিউজঃ আজ ২০শে জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করল বিজেপি পরিষদীয় দল। এদিন রাজ্য বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-এর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী জানান, “১৯৪৭ সালের ২০শে জুন, পশ্চিমবঙ্গ বিধানসভা, যা সেই সময় আইনসভা ছিল, সেখানে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে ৫৮ জন হিন্দু সদস্য পাকিস্তানের অন্তর্ভুক্তির বিরুদ্ধে এবং ভারতের অংশ হিসেবে থাকার পক্ষে ভোট দেন। বিপরীতে ২১ জন মুসলিম সদস্য পাকিস্তানের পক্ষে ভোট দেন। ফলত ৫৮ বনাম ২১ ভোটে ভারতীয় যুক্তরাষ্ট্রে পশ্চিমবঙ্গ থাকার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণেই এই দিনটিকে প্রকৃত পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা উচিত।”
এদিন সকালে রেড রোড-এ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতেও মাল্যদান করে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী সহ বিজেপি পরিষদীয় দলের অন্যান্য সদস্যরা।
বিরোধী দলনেতা আরও জানান, যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী এই কর্মসূচির বিরোধিতা করছেন, তবু সারা রাজ্যের প্রায় এক হাজার স্থানে আজকের দিনটি পালিত হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
রাজ্য রাজনীতিতে এই ইস্যুতে ফের বিতর্কের আবহ তৈরি হয়েছে। শাসক শিবিরের একাংশের মতে, “পশ্চিমবঙ্গ দিবস” নিয়ে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। অন্যদিকে বিজেপি নেতৃত্বের মতে, ইতিহাসকে যথাযথ মর্যাদা দেওয়ার জন্যই এই উদ্যোগ।

![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ