February 5, 2026

পুলিশকে মারধর, গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ৫

সোমালিয়া সংবাদ, আরামবাগ: কোভিড নিয়ে সরকারি নির্দেশিকা ভেঙে অবৈধভাবে বাইরে ঘোরাঘুরি বন্ধ করতে গিয়ে আক্রান্ত হল আরামবাগ থানার পুলিশ। এই ঘটনায় পুলিশের একজন হোমগার্ড, দুই সিভিক ভলেন্টিয়ার ও পুলিশের গাড়ির এক চালক আহত হয়েছেন। তাঁদেরকে আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসা করা হয়েছে। বৃহস্পতিবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে আরামবাগের পূর্ব কেশবপুর গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন ওই গ্রামের ভেটি পাড়ায় বেশ কিছু মানুষ বাইরে বেরিয়ে ঘোরাঘুরি করছিল। খবর পেয়ে সেখানে হাজির হয় আরামবাগ থানার পুলিশ। তখনই পুলিশের সঙ্গে ওই সমস্ত মানুষজনের বচসা শুরু হয়। পরে এলাকার মানুষজন পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছুঁড়তে থাকে। এই ঘটনায় পুলিশের হোমগার্ড বাপ্পা মুখার্জির মাথায় ইটের আঘাত লাগে। তাঁর মাথা ফেটে রক্ত বের হতে থাকে। আহত হন আরও দুই সিভিক ভলেন্টিয়ার। এরপর দুষ্কৃতীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছুঁড়তে থাকে। ভাঙচুর চালায় পুলিশের গাড়িতেও। গাড়িতে থাকা চালকও আহত হন। তড়িঘড়ি আহতদের আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী এলাকায় ছুটে যায়। যদিও তার আগেই বাইরে জমায়েতকারীরা গা ঢাকা দেয়। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন রাতে চারজনকে ও পরে সকালে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোভিদ বিধি লংঘন ছাড়াও কর্তব্যরত অবস্থায় পুলিশকে মারধর ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ রয়েছে। এদিকে পুলিশের ওপর আক্রমণের এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান শাহ মহম্মদ রফিক। তিনি জানিয়েছেন, যারা দোষী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক পুলিশ।

Loading