সোমালিয়া সংবাদ, আরামবাগ: মা গরিব মানুষদের পাশে থাকতে ভালোবাসতেন। তাই মায়ের স্মৃতিতে দুঃস্থ মানুষদের দুপুরের খাবারের ব্যবস্থা করলেন ছেলে সুবীর কারক। সুবীরের বাড়ি আরামবাগ শহরের উত্তর রবীন্দ্রপল্লী এলাকায়। তিনি পেশায় গৃহশিক্ষক। সুবীর জানান, সপ্তাহ তিনেক আগে হঠাৎই স্ট্রোকে তাঁর মায়ের মৃত্যু হয়। তিনি গরীব মানুষদের বিভিন্ন জিনিস দান করতেন। তাই তাঁর মায়ের সেই মানসিকতাকে সম্মান দিতে শনিবার দুপুরে প্রায় দু’শো দুঃস্থ মানুষের হাতে দুপুরের খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন তিনি। এই উপলক্ষে সুবীর তাঁর ক্লাব আরামবাগ স্পোর্টিং ইউনিয়ন চত্বরে রান্নার ব্যবস্থা করেন। তারপর আরামবাগ শহরের বিভিন্ন এলাকার ভবঘুরে ও ভিক্ষুকদের হাতে ওই খাবার তুলে দেওয়া হয়। এছাড়াও আরামবাগ ৬ নম্বর ওয়ার্ডের একটি বস্তিতেও খাবার পৌঁছে দেওয়া হয়। খাবারের তালিকায় ছিল ডাল, ভাত, শাকের তরকারি, মাছের ঝাল এবং দুটি করে রসগোল্লা। উল্লেখ্য, সুবীরের ওই ক্লাবের উদ্যোগে গত একমাস ধরে প্রতি শনিবার ভিক্ষুকদের হাতে একইভাবে খাবার তুলে দেওয়া হয়। এদিন সুবীর মায়ের স্মৃতিতে সেই খাবারের সমস্ত খরচ নিজেই বহন করেন। পাশাপাশি বাজার করা থেকে রান্না করা সবেতেই নিজে হাত লাগান। সুবীরের এই মানসিকতায় খুশি ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে এলাকার মানুষজন।
![]()

More Stories
হুগলি জেলায় আজ থেকে শুরু হচ্ছে HPV টিকাকরণ অভিযান, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বড় উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের
আনুড় গ্রামের শ্রীশ্রী বিশালাক্ষী মায়ের আবির্ভাব ও মাহাত্ম্য: ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে ঘিরে এক পবিত্র ইতিহাস
বিশ্বাস, শোক ও সংকল্পের দীর্ঘ যাত্রা: সোমনাথের পথে পায়ে হেঁটে বিশ্বজিৎ ঘোষ