September 21, 2026

প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা তলব করল রাজ্য সরকার

সব জেলায় ক্ষতিগ্রস্তদের জন্য ১ লক্ষ ২০ হাজার টাকার আর্থিক সহায়তা ঘোষণা

সোমালিয়া ওয়েব নিউজঃ উত্তরবঙ্গের পাশাপাশি এবার রাজ্যের সব জেলা থেকেই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত বাড়ির বিষয়ে বিস্তারিত তথ্য তলব করেছে রাজ্য সরকার।

সরকারের পঞ্চায়েত দফতর ইতিমধ্যেই সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলির কাছে নির্দেশ পাঠিয়েছে, যাতে প্রতিটি ব্লক ও গ্রাম পঞ্চায়েত স্তরে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা দ্রুত প্রস্তুত করা হয়।

প্রাকৃতিক দুর্যোগে যাদের বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, তাঁদের জন্য রাজ্য সরকার ১ লক্ষ ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এই আর্থিক সাহায্য দেওয়া হবে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের মডেল অনুসরণে, এবং অর্থের উৎস হবে বিপর্যয় মোকাবিলা তহবিল (Disaster Mitigation Fund) থেকে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের প্রক্রিয়া দ্রুত শুরু করতে চায় রাজ্য সরকার। তালিকা তৈরি ও যাচাই প্রক্রিয়া শেষ হলেই ক্ষতিপূরণের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।

Loading