February 4, 2026

প্রয়াত প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়

চলচ্চিত্র মহলে শোকের ছায়া

সোমালিয়া ওয়েব নিউজঃ বাংলা চলচ্চিত্র জগতের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায় আর নেই। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। রবিবার রাতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রখ্যাত অভিনেতা। বয়স হয়েছিল ৮২ বছর। রাতেই কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

মুর্শিদাবাদের বহরমপুরে ১৯৪২ সালে জন্মগ্রহণ করেন কল্যাণ চট্টোপাধ্যায়। পুনের এফটিআইআই-এ পড়াশোনা শেষ করে ১৯৬৮ সালে তপন সিংহের আপনজন ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিষেক করেন। পরবর্তী সময়ে সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বীসহ বহু উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করে তিনি দর্শকের মন জয় করেন।

চারশো-রও বেশি বাংলা ও হিন্দি সিনেমায় দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন তিনি। সাগিনা মাহাতো, ধন্যি মেয়ে, সফেদ হাতি, পার, থেকে শুরু করে হিন্দি ব্লকবাস্টার কাহানি—বহুমাত্রিক চরিত্রে তাঁর অভিনয় আজও স্মরণীয়। পাশাপাশি বহু টিভি ধারাবাহিক এবং একটি ওয়েব সিরিজেও কাজ করেছিলেন তিনি।

দীর্ঘদিন অসুস্থতার কারণে তিনি অভিনয়জগৎ থেকে দূরে ছিলেন। তাঁর প্রয়াণে চলচ্চিত্র মহল, সহকর্মী থেকে দর্শক—সবাই গভীর শোক প্রকাশ করেছেন। শিল্পী কল্যাণ চট্টোপাধ্যায়ের মৃত্যু বাংলা চলচ্চিত্রে এক অপূরণীয় ক্ষতি বলেই মনে করা হচ্ছে।

Loading